রাউজানে ১০টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রায় ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্তদের ।
শনিবার (২০ আগস্ট) দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের এডভোকেট সুধীর তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, শনিবার রাত ৩ টার দিকে তপন তালুকদারের ঘরের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূচনা হয়। এরপর আগুন অন্যান্য ঘরে ছড়িয়ে পরে।
স্থানীয়রা জানান, রাত ৩টার অগ্নিকান্ডের খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে যান। পাশাপাশি ফায়ার সার্ভিসকে খবর দেন তারা। ভোর ৪টার দিকে রাঙ্গুনিয়া থেকে ফায়ার সার্ভিস আসলেও ততক্ষণে ১০টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
এ ঘটনায় ক্ষতিগ্রস্তরা হলেন, চন্দন তালুকদার, লিটন তালুকদার, কাজল তালুকদার, সুজন তালুকদার, সুধীর তালুকদার, তপন তালুকদার, বাবুল তালুকদার, এন্টাশন তালুকদার, গণেশ তালুকদার ও নটু তালুকদার।
ক্ষতিগ্রস্তদের ভাষ্যমতে, অগ্নিকান্ডের ঘটনায় তাদের প্রায় ৩০-৩৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
