চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় পর্যটকদের ওপর হামলার ঘটনায় ৫ জন পর্যটক আহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ।
মঙ্গলবার (৯ আগস্ট) সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন, শাহাদাত হোসেন, আখতারুজ্জামান বাবু, মিহির হোসেন, রিফাত পিয়াস ও তানভীর হিরা।
পুলিশ জানিয়েছে, নোয়াখালী থেকে আসা ৩০ জনের একটি পর্যটক টিমের একজন ঘোড়ায় ওঠে। ওঠার সময় ৫০ টাকা কথা দর হলেও নামার পর ১০০ টাকা দাবি করে। এই নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ঘোড়ার মালিকসহ কয়েকজন মিলে পর্যটকদের ওপর হামলা করে। তাতে ৫ জন আহত হয়েছেন।
ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার আপেল মাহমুদ বলেন, ভাড়া নিয়ে পর্যটকদের সঙ্গে ঘোড়ার মালিকের বাকবিতণ্ডা হয়। পরে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এতে পাঁচ পর্যটক আহত হয়। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তাদের পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
