চট্টগ্রামের কর্ণফুলীতে সাড়ে তিন লিটার চোলাই মদ ও তিন কেজি ৩৫০ গ্রাম আফিমসহ কাকন মল্লিক (৩৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য ৩ কোটি ৩৫ লাখ টাকা।
গ্রেপ্তার কাকন মল্লিক বাঁশখালীর পূর্ব পুঁইছড়ির মন্টু মল্লিকের ছেলে।
রবিবার (৩১ জুলাই) দিবাগত রাত পৌণে ১টায় কর্ণফুলী থানাধীন শিকলবাহা পাকা রাস্তাতার উপর চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশী করে তাকে গ্রেপ্তার করা হয়।
আজ বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) মো. নুরুল আবছার।
তিনি বলেন, ‘বান্দরবান থেকে মাদক নিয়ে কিছু মাদক ব্যবসায়ী চট্টগ্রামের দিকে আসছে এমন তথ্যের ভিত্তিতে গতকাল রবিবার দিবাগত রাত পৌনে ১টায় শিকলবাহা এলাকায় চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি শুরু করি।
এসময় একটি যাত্রীবাহী গাড়ি তল্লাশির সময় কাকন মল্লিক নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। পরে তার সাথে থাকা একটি শশার পলিথিন খুলতেই বেরিয়ে এলো সাড়ে তিন লিটার চোলাই মদ ও তিন কেজি ৩৫০ গ্রাম আফিম।’
তিনি আরও বলেন, ‘গ্রেপ্তার আসামি দীর্ঘদিন ধরে বান্দরবানের থানচি থেকে পাইকারি দামে মাদক কিনে তা দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়। উদ্ধার মাদকের আনুমানিক মূল্য ৩ কোটি ৩৫ লাখ টাকা।’
গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
