প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা মামলায় কক্সবাজারের পেকুয়া উপজেলা ছাত্রদলের সভাপতি ফরহাদ হোছাইনকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার (২৭ জুলাই) রাতে নগরের কর্ণফুলী থানার শাহ আমানত সেতু এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক ( মিডিয়া) মো. নুরুল আবছার।
কক্সবাজারে বিএনপির সভায় দেওয়া কটূক্তি করে বক্তব্যে দেওয়ায় পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম ছাত্রদলের নেতার বিরুদ্ধে গত ১৯ জুলাই ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃত ফরহাদ হোসাইন (২৮) পেকুয়া উপজেলার ছাত্রদলের সভাপতি।
র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার বলেন, গত ১৬ জুলাই কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে স্থানীয় বিএনপি আয়োজিত এক সভায় প্রধানমন্ত্রী, মন্ত্রীসভার সদস্য এবং আওয়ামী লীগকে নিয়ে কটূক্তি করে বক্তব্য দেওয়ার অভিযোগ ওঠে। এ সংক্রান্ত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করা হয়। আসামি ফরহাদ কক্সবাজার থেকে পালিয়ে চট্টগ্রামে আসার পথে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে পেকুয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
