চট্টগ্রাম নগরীতে বিশেষ অভিযান পরিচালনা করে ৪০ টি গাড়ী আটক করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ট্রাফিক দক্ষিণ বিভাগ।
আজ মঙ্গলবার (২৬ জুলাই) নগরীর কর্ণফুলী ব্রীজ, আন্দরকিল্লা, চকবাজার, নিউ মার্কেট ও টাইগারপাস এলাকায় এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানের বিষয়ে টি আই (প্রশাসন দক্ষিণ বিভাগ) অনিল বিকাশ চাকমা বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ বেশ কয়েকটি স্থানে অভিযান পরিচালনা করে ৪০টির মত গাড়ী আটক করা হয়েছে।
সম্প্রতি নগরীতে অবৈধ গাড়ীর ব্যবহার বেড়ে যাওয়ায় ট্রাফিক দক্ষিণ বিভাগের এ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে কর্নফুলী ব্রীজ, আন্দরকিল্লা, চকবাজার, নিউ মার্কেট ও টাইগারপাস এলাকা হতে ৪০টি অবৈধ সিএনজি ও ব্যাটারী রিক্সা আটক করে ডাম্পিং পাঠানো হয়েছে।
অভিযানকালে টিআই (বাকলিয়া) মুকিত, টিআই (আন্দরকিল্লা) বিপ্লব পাল, টিআই (চকবাজার) মনিরুজ্জামান, টিআই (টাইগারপাস) অপূর্ব ও টিআই (কোতোয়ালি) জিয়া স্ব স্ব এলাকায় অভিযানে উপস্থিত ছিলেন।
