চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে অপহৃত এক ব্যক্তিকে রাঙ্গুনিয়া উপজেলার পাহাড় থেকে উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ।
বুধবার রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের গহীন পাহাড়ী এলাকা থেকে কামাল উদ্দিন (৩৫) নামে এ ব্যক্তিকে উদ্ধার করা হয়, সেই সঙ্গে দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুই জন হলেন- মো. মামুন (২৫) ও মো. বেলাল (২৫)। তদের মধ্যে মামুনের বাড়ি রাঙ্গুনিয়া বেতছড়ি এলাকায়, বেলালের বাড়ি মিরসরাই উপজেলার বামনসুন্দর গ্রামে।
কোতোয়ালী থানার ওসি জাহিদুল কবির জানান, মঙ্গলবার রাতে এক ব্যক্তি থানায় এসে অভিযোগ করেন সোমবার দুপুরে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে তার বড় ভাইকে অপহরণ করা হয়েছে।
অপহরণকারীরা ফোনে তার কাছ থেকে ১৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে বলেও অভিযোগ করেন জয়নাল আবেদীন নামে ওই ব্যক্তি।
ওসি জানান, রাতে এ ঘটনায় মামলা নিয়ে কোতোয়ালী থানা পুলিশের একটি দল অভিযান শুরু করে। বুধবার রাঙ্গুনিয়া থানার ইসলামপুর এলাকার একটি পাহাড় থেকে কামাল উদ্দিনকে উদ্ধার করা হয়।
