চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আরিফা মনি (১৯) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বিয়ের চার মাসের মধ্যেই রহস্যজনকভাবে তার মৃত্যু হয়েছে বলে এলাকায় চলছে নানা গুঞ্জন।
বৃহস্পতিবার (৩০ জুন) সকালে উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ড এলাকায় এই ঘটনা ঘটেছে।
নিহত গৃহবধূ আরিফা মনি প্রকাশ রিয়া ওই এলাকার নুরুল আলমের ছেলে ফার্নিসার মিস্ত্রি মো. নাছির উদ্দিনের স্ত্রী। পুলিশ লাশটি উদ্ধার করেছে। ময়নাতদন্ত শেষে রাত ৮টার দিকে জানাজা নামাজ শেষে শ্বশুর বাড়ি এলাকায় তার লাশ দাফন করা হয়েছে।
এদিকে নিহত গৃহবধূর স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন “আনিকা” ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন বলে দাবি করলেও নিহত গৃহবধূর বাবা ও পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ২৮ মার্চ রাঙ্গুনিয়ার নাছির উদ্দিনের সাথে আরিফা মনির পারিবারিকভাবে বিয়ে হয়। আরিফা রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ড তালুকদার বাড়ি এলাকার বাবুর্চি মনির আহমেদের দ্বিতীয় মেয়ে। বিভিন্ন উপহার ও আসন্ন কোরবানি ঈদে ছাগল দেয়াকে কেন্দ্র করে আরিফার সাথে শ্বশুর বাড়ির লোকজনের কথা কাটাকাটি হয়। এরই জের ধরে তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে নিহত আরিফার বাবা মনির আহমেদ বলেন, “আমার মেয়ে আত্মহত্যা করেনি। তাকে মেরে ফেলা হয়েছে। যখন আমরা খবর শুনে আনিকাকে দেখতে আসি তখন আনিকার পিঠে ও ঘাড়ে কালো দাগ দেখতে পাই। বিষয়টি পুলিশকে বলেছি এবং পুলিশ বলছে ময়নাতদন্তের রিপোর্ট এলে সে বিষয়ে দেখবে”।
তবে এ বিষয়ে জানতে চাইলে নিহতের স্বামী মো. নাছির উদ্দিন বলেন, “গত চার-পাঁচদিন আগে আমার শ্বশুর বাড়ির লোকজন আম-কাঠাল নিয়ে আমাদের বাড়িতে এসেছিলেন। তখন তারা যাওয়ার সময় আনিকার মা কি যেন নিয়ে আমার মাকে গালাগালি করে এবং তাদের মেয়ে আমার স্ত্রী আনিকাকেও বকাবকি করে। তারপর থেকেই আনিকা তার বাবার বাড়ির লোকজনের ফোন আসলেও রিসিভ করেন না তাদের সাথে যোগাযোগও করেন না। শুনেছি আনিকা তাদের আম-কাঠাল নিয়ে আসতে বলাই এমনটা করেছেন তার মা। তবে আমরা কেউ আম কাঠাল আনতে আনিকাকেও বলিনি আনিকার পরিবারকেও বলিনি”।
রাঙ্গুনিয়া থানার ওসি (তদন্ত) খান নুরুল ইসলাম বলেন, “গৃহবধূর মৃত্যুর সংবাদে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হাস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে”।
