চলছে মধুমাস। এই মাসের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে হরেক রকমের সুস্বাদু ফল। ফলের তালিকায় রয়েছে, আম, জাম, কাঁঠাল, লিচু ছাড়াও অন্যতম আরেকটি ভিন্নধর্মী ফল তালের শাঁস। তাল ফলের নরম অংশটি খুবই সুস্বাদু। গ্রাম্য ভাষায় এটি ‘তালকুর’ নামে বেশি পরিচিত। প্রচণ্ড গরমে তালের এই শাঁসটি শহর ও গ্রামের মানুষের কাছে খুবই প্রিয়।
ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাঁ, ওই খানেতে বাস করে কানা বগীর ছা’ গাঁয়ে এখন বকের ছানা থাক বা না থাক, কক্সবাজার জেলা টেকনাফ উপজেলাসহ প্রতিটি উপজেলার এলাকার তালগাছ না থাকলেও শহর থেকে এনে বিক্রি করে থাকে তাল। মধুমাসের এ ফলকে কেউ বলে তালের শাঁস, কেউ বলে তালকুর, কেউ বলে তালের আটি। গরমের মধ্যে তৈলাক্ত খাবারের চেয়ে তালের শাঁস অনেক উপকারী। এর রয়েছে অনেক গুণাগুণ। তাই জৈষ্ঠ্যের এ মধুমাসে বাজারে নানা ফল ওঠলেও টেকনাফে জনপ্রিয় হয়ে উঠেছে তালের শাঁস।
বর্তমানে টেকনাফে থেকে শুরু করে হ্নীলা ইউনিয়ন সাবরাং ইউনিয়ন সদর ইউনিয়ন হোয়াইক্যং বিভিন্ন অলিগলিতে এই মৌসুমি ফল তালের শাঁস বিক্রি বেড়ে গেছে। অনেক মৌসুমি ব্যবসায়ীরা অপরিপক্ব তাল ফল কেটে কেটে বিভিন্ন দামে বিক্রয় করে। তবে নরম অবস্থায় তাল শাঁসের দাম অনেক বেশি। কিন্তু, দিন যতই যেতে থাকে এই তাল শাঁস ততই শক্ত হতে থাকে। তখন শাঁসের দাম কমতে থাকে এবং একসময় তাল পরিপক্ব হয়ে গেলে তখন আর এই শাঁস খাওয়া সম্ভব হয় না।
হ্নীলা বাজারের তাল বিক্রেতারা বলেন, প্রতি বছরই এ সময়ে তালের শাঁস বিক্রি করে সংসার চালাই। শহর থেকে কিনে এনে শাঁস বিক্রি করি। বৈশাখ থেকে জৈষ্ঠ্যের অর্ধেক পর্যন্ত এই দেড় মাস চলবে তালের শাঁস বিক্রির কাজ। প্রতিদিন প্রায় ১০০ থেকে ১৫০ শাঁস বিক্রি করা যায়। একটি শাঁস আকার ভেদে ১০ থেকে ১৫ টাকা দরে বিক্রি করেন। এতে প্রতিদিন তার ৫০০-৬০০ টাকা আয় হয়।
