আনোয়ারা উপজেলার সবচেয়ে ব্যস্ততম এলাকা চাতরী চৌমুহনী মোড়ে যানজট নিরসনে ফুটপাত দখল করে গড়ে উঠা অবৈধ ভাসমান দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
দুপুর ২টা থেকে বেলা ৩টা পর্যন্ত অভিযান চালিয়ে ফুটপাতে অবৈধ ভাসমান ফলের দোকান উচ্ছেদ করে মালামাল জব্দ করা হয়। ফুটপাত দখল করে বার বার অবৈধ দোকানপাট গড়ে তুলার কারণে এ অভিযান পরিচালনা করা হয়।। এসময় ১ টি দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকালে সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী বলেন, চাতরী চৌমুহনী এলাকায় যানজট নিরসনে অনেকবার অভিযান পরিচালনা করেছি। কিন্তু সকালে উচ্ছেদ করলে বিকালে তারা আবারো ভাসমান দোকান বসায়। তাদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করা ছাড়া মানবিকতা দেখানোর কোন সুযোগ নেই।
তিনি আরো বলেন, ফুটপাতে কোন দোকান বসিয়ে যদি ইজারাদার কমিটি কোন হাসিল তুলে তাহলে ইজাদারকে জেল জরিমানা করা হবে। পরে ট্রাফিক ইনচার্জকে ডেকে কোন ধরণের যানজট যাতে সৃষ্টি না হয় সেজন্য সার্বক্ষণিক গুরুত্ব সহকারে ট্রাফিক টিমকে দায়িত্ব পালন করার নির্দেশ দেন।
