চট্টগ্রাম বন্দরে প্রাতিষ্ঠানিক অনিয়ম আর দুর্নীতি রোধে চালু করা হয়েছে ইলেকট্রিক ডেলিভারি সিস্টেম।নতুন এ পদ্ধতিতে কাগজের বোঝা নিয়ে শিপিং-বন্দর এবং কাস্টমস হাউসে দৌঁড়ানোর ঝামেলা নেই বললেই চলে।
আজ বুধবার (৬ এপ্রিল) থেকে নতুন এই পদ্ধতি চালু করা হয়। এখন ঘরে বসেই অনলাইনে ফরম পূরণ করে বন্দর থেকে ডেলিভারি নেওয়া যাবে আমদানিকৃত মালামাল। এতে অনেক সময় সাশ্রয় যেমন হবে তেমনি কমবে ভোগান্তিও।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম. শাহজাহান বলেন, ইলেকট্রনিক ডেলিভারি সিস্টেমের মাধ্যমে হাতে হাতে লেনদেনের দিন শেষ হয়ে গেছে। এখন থেকে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে লেনদেন হবে। এতে অবৈধ লেনদেনের পরিমাণ শূন্যের কোটায় নেমে আসবে বলে আশা করছি।
এ বিষয়ে বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ আরিফ বলেন, এই ডিজিটাল পদ্ধতির ফলে কাউকে অফিসে আসতে হবে না। দেখা-সাক্ষাৎ ছাড়াই বৈধভাবে প্রতিটি কাজ সম্পন্ন হবে। এতে দুর্নীতির মাত্রা অনেক কমে আসবে।
উল্লেখ্য, বিগত চার মাসে ৬টি শিপিং এজেন্টের মাধ্যমে পদ্ধতিটির পরীক্ষামূলক ব্যবহার করা হয়। গতকাল মঙ্গলবার থেকে ৩৩৭টি প্রতিষ্ঠান ডেলিভারি অর্ডারের কাজ অনলাইনেই সম্পন্ন করছে।
