চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মুনসুর আলম (৫২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিঠাছরা ইউটার্ন এলাকায় বেপরোয়া গতির কাভার্ডভ্যানের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি মিরসরাই সদর ইউনিয়নের তালবাড়িয়া এলাকার বাসিন্দা। তিনি সন্ধানী লাইফ ইন্সুরেন্সে কর্মরত ছিলেন।
এদিকে ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ ও চালক মো. সোলায়মান আটক করেছে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ। মো. সোলায়মান কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার মৃত আবদুল বারেকের ছেলে।
নিহতের ভাতিজা সাকিব হোসাইন বলেন, শুক্রবার সকালে বাজার করার জন্য তিনি মিঠাছরা বাজারে যান। বাজার করে ফেরার পথে পেছন থেকে আসা বেপরোয়া গতির একটি কার্ভাডভ্যান মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে তাঁর গুরুতর জখম হয়।
স্থানীয়রা উদ্ধার করে ডাইনামিক হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। পরবর্তীতে শারিরীক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি সন্ধানী লাইফ ইন্সুরেন্সে কর্মরত ছিলেন। শুক্রবার বাদ মাগরিব জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাপন করা হয়েছে। তিনি ২ ছেলের জনক ছিলেন।
জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ শরীফুজামান ভূঁইয়া বলেন, সড়ক দুর্ঘটনায় ঘাতক কাভার্ডভ্যান জব্দ ও চালককে আটক করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
চট্টগ্রামনিউজ/ এসডি/
