সোমবার, ১৮ মে ২০২৬

বৈসাবির আনন্দে ভাসছে পার্বত্য জনপদ

সিনিয়র রিপোর্টার । চট্টগ্রামনিউজ.কম

উৎসবে মেতেছে পার্বত্য জনপদ। পাহাড়িদের প্রধানতম সামাজিক ও ধর্মীয় উৎসব বৈসাবির আনন্দে ভাসছে গোটা অঞ্চল।

ফুল বিজুর পর আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) চাকমাদের মূল বিজু। ত্রিপুরা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পালন করছে বৈসু।

অন্যদিকে মারমা জাতিগোষ্ঠীর মানুষ মেতে উঠেছে ‘সাংগ্রাইং’ উৎসবে।
সকালে জেলা সদরের পানখাইয়াপাড়া বটতলায় মারমাদের ঐতিহ্যবাহী সাংগ্রাই র‌্যালির উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।

র‌্যালিতে মারমারা বর্ণিল সাজে অংশ নেন। তারা নেচে গেয়ে শহরকে উৎসবমুখর করে তোলেন।

পরে সাংগ্রাইয়ের প্রধানতম আকর্ষণ জলকেলিতে অংশ নেন মারমা তরুণ-তরুণীরা। যার উদ্বোধন করেন খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক।
এসময় তারা একে অপরকে পানি ছিটিয়ে নিজেদের পরিশুদ্ধ করে নতুন বছরকে বরণ করেন। জলকেলি নামে পরিচিত এই উৎসবে সব বয়সীরাই যোগ দেন, তরুণ-তরুণীদের অংশগ্রহণই বেশি দেখা যায়। নেচে গেয়ে তারা উল্লাস করছেন।

এসময় সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পার্বত্য চট্টগ্রামের পাহাড়ে বসবাসরত বিভিন্ন জাতিগোষ্ঠী সম্প্রদায়ের লোকজনকে জাত্যাভিমান, হিংসা-বিদ্বেষ ও সাম্প্রদায়িকতা ভুলে, শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে নতুন বছর উদযাপনে এক সুতোয় গেঁথেছে একটি শব্দ। আর তা হলো ‘বৈসাবি’ উৎসব, ‘সাংগ্রাইং’ উৎসব আর বৈসু। এর সঙ্গে জড়িয়ে আছে শত বছরের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও আনন্দগাঁথা জীবনের গল্প। যে গল্প এক হওয়ার, মিলেমিশে থাকার, স্বপ্নের জাল বুনার, মৌলিক অধিকার নিশ্চিতের মাধ্যমে উন্নয়নের শীর্ষে নিজেদেরকে নিয়ে যাওয়ার।

‘বৈসাবি’ এখন আগের চেয়ে বর্ণিল

সময়ের সঙ্গে সঙ্গে ‘বৈসাবি’ হয়েছে আগের চেয়ে আরও বর্ণিল ও বর্ণাঢ্য। উৎসবে যুক্ত হয়েছে নানা আয়োজন। সময়ের পাটাতনে দাঁড়িয়ে তাই প্রশ্ন জাগে, তাহলে ৩৫ থেকে ৪০ বছর আগে কেমন ছিল ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলোর বর্ষবরণ ও বিদায় উদযাপন? তখন কীভাবে উদযাপন করা হতো মারমাদের সাংগ্রাইং, ম্রোদের সাংক্রান, ত্রিপুরাদের বৈসু, চাকমাদের বিজুসহ অন্য জাতিগোষ্ঠীগুলোর এই উৎসব। তখনকার বর্ষবরণের আয়োজন জানার আগ্রহ ও কৌতূহল রয়েছে অনেকের।

রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি—দেশের এই তিন পার্বত্য জেলায় বসবাস ১১টি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর। তাদের মধ্যে আটটি জাতিগোষ্ঠীর প্রধান সামাজিক-সাংস্কৃতিক উৎসব হচ্ছে ‘বৈসাবি’। মূলত ত্রিপুরাদের বৈসু, মারমাদের সাংগ্রাইয়ের সঙ্গে প্রায় মিল থাকা ম্রোদের চাংক্রান, খেয়াংদের সাংলান, খুমিদের চাংক্রাই ও চাকদের সাংগ্রাই এবং চাকমাদের বিজু ও তঞ্চঙ্গ্যাদের বিষু উৎসবের আদ্যক্ষর থেকে ‘বৈসাবি’ নামের শব্দটি নেওয়া হয়। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মধ্যে বম, পাংখোয়া ও লুসাইরা খ্রিষ্টীয় নববর্ষ উদযাপন করেন।

আশির দশকের মাঝামাঝি থেকে উৎসব অর্থে বৈসাবি শব্দটি ধীরে ধীরে পরিচিতি লাভ করেছে। এর আগে বিজু, বিষু, বৈসু, সাংগ্রাইং, সাংক্রানসহ আরও বিভিন্ন নামে উৎসব হয়েছে। উৎসবটি সবার অভিন্ন, শুধু নাম ভিন্ন। তবে বেশ কিছু বছর ধরে পার্বত্য অঞ্চলের পাহাড়ে বৈসাবি শব্দটি নিয়ে বিতর্ক চলছে। অনেকের মতে, বৈসাবি নামে পাহাড়ে কোনও উৎসব নেই। অন্যরা বলছেন, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক ঐক্যের প্রয়োজনেই বৈসাবি শব্দটি এসেছে।

বৈসাবি নাম আসার সঙ্গে লোকজ উৎসবটির দৃশ্যমান নাগরিক ছোঁয়াও এসেছে। তখন থেকে শোভাযাত্রা, ফুল ভাসানো, মৈত্রী পানিবর্ষণ, ঐতিহ্যবাহী ক্রীড়াসহ নানা অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। অবশ্য বান্দরবানে ১৯৭০–এর দশকের মাঝামাঝিতে পাশের দেশ মিয়ানমারের অনুকরণে মৈত্রী পানিবর্ষণ শুরু হয়েছিল। অভিন্ন নাম বৈসাবি করার আগে উৎসবের কোনও আনুষ্ঠানিকতা ছিল না।

বৈসাবি ঐতিহ্য

খাগড়াছড়ি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ড. সুধীন কুমার চাকমার মতে, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত প্রত্যেক জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের নিজস্ব কৃষ্টি-কালচার ও জীবনগাঁথা রয়েছে। শত শত বছর ধরে এসব ঐতিহ্য ও চলে আসা রীতি-নীতির আলোকেই প্রত্যেক বছর বরণ করে নেওয়া হয় নতুন বছরকে আর বিদায় দেওয়া হয় পুরাতন বছরকে। প্রত্যেক জাতিগোষ্ঠী নিজেদের ধারণ করা রীতিনীতি, কৃষ্টি-সংস্কৃতির ও নিজ নিজ ধর্মীয় বিধিবিধানের আলোকে নিজস্ব বর্ষপঞ্জি ধারণ-লালন ও পালন করে আসছিল বিধায় পাহাড়ের নব বর্ষ পালনকে এখন সবচেয়ে বড় সামাজিক অনুষ্ঠান। শত শত বছর ধরে চলে আসা, লালন করা, পালন করা এবং বংশ পরম্পরায় প্রত্যেক জনগোষ্ঠীর মাঝে প্রচলিত রয়েছে বিবেচনায় এটিকে ঐতিহ্যবাহী অনুষ্ঠান বলা হয়।

তিনি জানান, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ত্রিপুরা জাতিগোষ্ঠীর বর্ষ পালন অনুষ্ঠান বৈসু বা বৈসুক, চাকমা জাতিগোষ্ঠী বিজু, মারমা জাতিগোষ্ঠী সাংগ্রাইকে উৎসব হিসেবে পালন করে আসছে। এর মধ্যে ত্রিপুরা ও চাকমা জাতিগোষ্ঠী পুরাতন বছরের শেষ দুই দিন থেকে নববর্ষের প্রথম দিন পর্যন্ত তিন দিন ধরে নববর্ষ বরণ করে আসছে।

ত্রিপুরাদের নববর্ষ বৈসু বা বৈসুক

গবেষক–লেখক প্রভাংশু ত্রিপুরা, জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা, সাবেক খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মনীন্দ্র লাল ত্রিপুরা জানান, ত্রিপুরা জনগোষ্ঠীর নতুন বর্ষ পালনকে ’বৈসু’ বা ’বৈসুক’ নামে অবহিত করা হয়। এই জনগোষ্ঠী নতুন বছরকে স্বাগত জানায় তিন দিনের কর্মযজ্ঞের মাধ্যমে। ত্রিপুরারা প্রথম দিন তথা চৈত্র মাসের শেষের দিনের আগের দিন হাড়ি বৈসু পালন করে। এই দিন তারা বিভিন্ন ফুল সংগ্রহ করে এবং ঘর-বাড়ি-আঙ্গিনা-প্রার্থনালয় তথা মন্দির পরিষ্কার-পরিচ্ছন্ন করে সংগ্রহ করা ফুল দিয়ে সাজায় এবং সুখ-শান্তি ও সমৃদ্ধির আশায় প্রার্থনা করে। চৈত্র মাসের শেষ দিনে ত্রিপুরারা বৈসুকমা পালন করে। এই দিন তারা পাজনসহ বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার খায় এবং অতিথিদের আপ্যায়ন করে এবং তৃতীয় দিন তথা পহেলা বৈশাখ ত্রিপুরারা বিসি কতাল পালন করে থাকে। এই দিন নানা খেলাধুলা, ঘুরে বেড়ানো, ঐতিহ্যবাহী খাবার-পানীয় গ্রহণ ও মন্দিরে প্রার্থনা করার মাধ্যমে পালন করা হয়।

মারমাদের সাংগ্রাই

মারমা সুশীল সমাজের প্রতিনিধি উক্য জেন, মংসানু মারমা, খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কংজরী চৌধুরী ও ম্রাসাথোয়াই মারমা জানান, সাংগ্রাই উৎসব মারমারা তিন দিনব্যাপী উদযাপন করে। সাংগ্রাইয়ের প্রথম দিনকে মারমারা সাংগ্রাই আক্যা পালন করে থাকে। এদিন তারা বাড়িঘর, আশপাশের রাস্তা-ঘাট, বিহার, প্রার্থনালয়, ধর্মীয় প্রতিষ্ঠান কক্ষ পরিষ্কার-পরিচ্ছন্ন করে এবং প্রার্থনা করে। দ্বিতীয় দিন সাংগ্রাই বাক পালন করে থাকে। এদিন তারা বিভিন্ন ফুল সংগ্রহের প্রতিযোগিতা করে তা দিয়ে ঘরবাড়ি, ধর্মালয় সাজায় ও প্রার্থনা করে। তারা বিশ্বাস করে যে যত বেশি ফুল দিয়ে পূজা করবে, বুদ্ধ তাকে তত পুণ্য দেবেন। মারমারা তৃতীয় দিনে সাংগ্রাই আপ্যাইং পালন করেন। এই দিন মারমা ধর্মীয় গুরু ভিক্ষুদের, পাড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজন ও আগত অতিথিদের পিঠা-পায়েশ-পাজন ও নানা ধরনের আধুনিক খাবার পরিবেশনের মাধ্যমে আপ্যায়ন করে থাকে। সাংগ্রাইয়ের তিন দিন মারমাদের অনেকে ধর্মীয় অষ্টশীল পালন করে থাকে।

চাকমাদের বিজু

খাগড়াছড়ি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ড. সুধীন কুমার চাকমা, সাবেক অধ্যক্ষ বোধিসত্ব দেওয়ান ও প্রফেসর মধু মঙ্গল চাকমা জানান, চাকমারা নতুন বছরকে বিজু উৎসব হিসেবে পালন করে। তারাও চৈত্রের শেষ দিনের আগের দিন ফুল বিজু পালন করে। এই দিন তারা ফুল সংগ্রহ করে। নারী-পুরুষ-শিশুরা ঐতিহ্যবাহী পোশাক পরে নিকটস্থ খাল-বিল-নদী ও লেকে ফুল ভাসায়। পুরাতন বছরের দুঃখ মুছে নতুন বছরে সুখ-শান্তি-সমৃদ্ধি কামনা করে। বাংলা চৈত্র মাসের শেষ দিন তারা মূল বিজু পালন করে। সেদিন কমপক্ষে সাত এবং সর্বোচ্চ শতাধিক ধরনের শাকসবজি রান্না করে পাজন তৈরি করে। তা দিয়ে অতিথি আপ্যায়ন করে। শেষ দিন তথা নতুন বছরের প্রথম দিন চাকমারা ঐতিহ্যবাহী সুস্বাদু খাবার ও পানীয় গ্রহণের মাধ্যমে গোজ্যে-পোজ্যে বা আরাম আয়েশ করেন।

বৈসাবি শব্দের উৎপত্তি ও ব্যবহার

বৈসু বা বৈসুক, সাংগ্রাই বা বিজু শব্দগুলো স্ব-স্ব জাতিগোষ্ঠীর সূচনাকাল থেকেই ব্যবহার করে আসলেও বৈসাবি শব্দটির সূচনা ঠিক কবে কিংবা এর ব্যবহার ঠিক কখন শুরু হয়েছে; এ নিয়ে কিছুটা মতবিভেদ রয়েছে। বৈসাবি শব্দটির প্রকৃত ইতিহাস জানা না গেলেও ধারণা করা হচ্ছে বাংলাদেশ স্বাধীনতা লাভ করার পরে যখন খাগড়াছড়ি-রাঙামাটি-বান্দরবান নামে তিনটি পার্বত্য জেলা ঘোষণা করা হয়েছে, তার পর থেকেই সব জাতিগোষ্ঠী ভিন্ন ভিন্নভাবে নববর্ষকে উদযাপনের পাশাপাশি বৈশাখের প্রথম দিনটি উদযাপন একসঙ্গে করার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বৈসাবি শব্দটির প্রচলন শুরু করেছিল।

বৈসাবি আনন্দ উপভোগকারী

তিন পার্বত্য জেলার পাহাড়ি-বাঙালি সবাই বৈসাবি উৎসব উপভোগ করেন। স্থানীয়দের পাশাপাশি দেশের অন্যান্য জেলার লোকজনও উৎসব উপভোগ করতে পাহাড়ে আসেন। দেশের বাইরে অবস্থান করা বিভিন্ন পাহাড়ি সম্প্রদায়ের লোকজন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেশে ফিরে আসেন। বেশিরভাগ সময় দেশের ভেতরের পাশাপাশি দেশের বাইরে থেকেও অনেক বিদেশি পর্যটক উৎসব উপভোগ করতে আসেন।

নিরাপত্তা ব্যবস্থা

জেলার পুলিশ সুপার মোরতজা আলী সরকার বলেন, ‘খাগড়াছড়ি জেলায় পুলিশ তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা রেখেছে। এ ছাড়া অন্যান্য বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। পুরো জেলার প্রায় সব সম্প্রদায়ের নেতাদের নিয়ে বসে তাদের পরিকল্পনা মাফিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আশা করছি, শান্তিপূর্ণভাবেই উদযাপিত হবে পাহাড়ের সবচেয়ে বড় সামাজিক ও বর্ষবরণ অনুষ্ঠান বৈসাবি।’

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বন্ধন লায়ন্স ক্লাবের নতুন কমিটি, সভাপতি আবু তাহের, সেক্রেটারী হাছান তারেক

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর অন্যতম সেবা সংগঠন লায়ন্স...

মিয়ানমারে পাচারকালে ২ হাজার ৪০০ বস্তা সিমেন্টসহ আটক ৩৩

কক্সবাজারের টেকনাফে মিয়ানমারে পাচারের সময় ২ হাজার ৪০০ বস্তা...

“নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম আঞ্চলিক পর্বের উদ্বোধন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আযোজিত " নতুন কুঁড়ি স্পোর্টস"...

দ্বিতীয় ব্যাংকার্স ক্রিকেট টুর্নামেন্টে সিটি ব্যাংক পিলসি চ্যাম্পিয়ন

চিটাগাং ওয়ারিয়র্স স্পোর্টিং ক্লাব আয়োজিত ব্যাংকার্স ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয়...

চট্টগ্রামে ১ লাখ ১৩ হাজার টাকার জাল নোট জব্দ, গ্রেপ্তার তিন

চট্টগ্রামে পৃথক অভিযান চালিয়ে ১ লাখ ১৩ হাজার ৬০০...

সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে মো. জাহাঙ্গীর আলম নামের এক...

আরও পড়ুন

বন্ধন লায়ন্স ক্লাবের নতুন কমিটি, সভাপতি আবু তাহের, সেক্রেটারী হাছান তারেক

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর অন্যতম সেবা সংগঠন লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধনের ২০২৬-২৭ সেবাবর্ষের নতুন কমিট গঠন করা হয়েছে।রবিবার (১৭ মে) সন্ধ্যায়...

মিয়ানমারে পাচারকালে ২ হাজার ৪০০ বস্তা সিমেন্টসহ আটক ৩৩

কক্সবাজারের টেকনাফে মিয়ানমারে পাচারের সময় ২ হাজার ৪০০ বস্তা সিমেন্টসহ ৩৩ জনকে আটক করা হয়েছে। এ সময় তিনটি ট্রলারও জব্দ করা হয়। আটককৃতরা চট্টগ্রামের...

দ্বিতীয় ব্যাংকার্স ক্রিকেট টুর্নামেন্টে সিটি ব্যাংক পিলসি চ্যাম্পিয়ন

চিটাগাং ওয়ারিয়র্স স্পোর্টিং ক্লাব আয়োজিত ব্যাংকার্স ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় আসর সম্পন্ন হয়েছে গত শনিবার।কক্সবাজার ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে ইস্টার্ন ব্যাংক পি এলসিকে পরাজিত...

চট্টগ্রামে ১ লাখ ১৩ হাজার টাকার জাল নোট জব্দ, গ্রেপ্তার তিন

চট্টগ্রামে পৃথক অভিযান চালিয়ে ১ লাখ ১৩ হাজার ৬০০ টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। শনিবার (১৬ মে) নগরীর পাঁচলাইশ ও হাটহাজারী থানা...