ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সদস্যসচিব ও চট্টগ্রাম মহানগর প্রধান সমন্বয়ক মীর আরশাদুল হক বিএনপিতে যোগ দিয়েছেন। বুধবার (৭ জানুয়ারি) বিএনপির মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে।
বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়, বুধবার দুপুর ২টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন মীর আরশাদুল হক। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে তিনি বিএনপির প্রাথমিক সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে দলে যোগদান করেন।
এর আগে গত ২৫ ডিসেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে এনসিপির সব পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন মীর আরশাদুল হক। একই সঙ্গে তিনি বিএনপির প্রতি সমর্থন ব্যক্ত করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মীর আরশাদুল হক এনসিপির চট্টগ্রাম মহানগর ইউনিটের প্রধান সমন্বয়ক ছিলেন। পাশাপাশি তিনি দলের কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব, নির্বাহী কাউন্সিলের সদস্য, মিডিয়া সেল ও শৃঙ্খলা কমিটির সদস্য, পরিবেশ সেলের প্রধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে ন্যাশনাল সিটিজেন পার্টির মনোনীত প্রার্থী ছিলেন মীর আরশাদুল হক। পদত্যাগের মধ্য দিয়ে তিনি সেই মনোনয়ন থেকেও সরে দাঁড়ান।
আর এইচ/
