আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে যৌথবাহিনীর অভিযান শুরু হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
রোববার (৪ জানুয়ারি) বিকেলে কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল-এর মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।
নির্বাচন কমিশনার বলেন, আজকের মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি পরিপত্র জারি হবে। ওই পরিপত্রের আলোকে সারা দেশে যৌথবাহিনীর অপারেশন শুরু হবে। এ বিষয়ে নির্বাচন কমিশনে ইতোমধ্যে সব বাহিনীর প্রধানদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলেও জানান তিনি।
তিনি জানান, যৌথবাহিনীর অভিযানের মূল লক্ষ্য তিনটি। প্রথমত, নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্রের যে সরবরাহ রয়েছে, তা উদ্ধার করা। যেগুলো উদ্ধার করা সম্ভব হবে না, সেগুলো যেন কোনো অপকর্মে ব্যবহার না হয়, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
দ্বিতীয় লক্ষ্য হিসেবে তিনি বলেন, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। আর তৃতীয়ত, নির্বাচনকেন্দ্রিক রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য নির্ধারিত আচরণবিধির বড় ধরনের কোনো ব্যত্যয় ঘটলে তা যৌথবাহিনী দেখবে। ছোটখাটো ব্যত্যয় রুটিন দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কমিটিগুলো দেখবে বলে জানান তিনি।
রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা নিয়েও আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক করেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ। তিনি বলেন, ক্যাম্পগুলো সিল করে দিতে হবে। পাশাপাশি স্থল সীমান্ত ও সাগরপথে নজরদারি আরও জোরদার করতে হবে, যাতে কোনোভাবেই দুষ্কৃতিকারীরা এসব এলাকা ব্যবহার করে অপরাধ সংঘটিত করতে না পারে।
সভায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো.আ. মান্নান, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আর এইচ/
