চট্টগ্রামের বাঁশখালী পৌরসভায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে একটি বসতঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যায় পৌরসভার দক্ষিণ জলদি এলাকার ৩ নম্বর ওয়ার্ডে সোনিয়া নামের এক নারীর পিতার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে বাঁশখালী ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয় এবং মাত্র পাঁচ মিনিটের মধ্যে সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, সন্ধ্যা ৭টায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং রাত ৮টা ৫ মিনিটে সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়।অগ্নিকাণ্ডে দুইতলা কাঁচা বসতঘরের ১২টি কক্ষের আসবাবপত্র ও মালামাল পুড়ে যায়।
বাঁশখালী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মিজানুর রহমান বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক পাঁচ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় ৩০ লাখ টাকার সম্পদ উদ্ধার সম্ভব হয়েছে। এ ঘটনায় কোনো হতাহত হয়নি।
অগ্নিনির্বাপণ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন যুব রেড ক্রিসেন্ট বাঁশখালী উপজেলা টিম।
