চট্টগ্রামের দুইটি আসনে প্রার্থী পরিবর্তনের একদিন পর আজ রোববার (২৮ ডিসেম্বর) এবার চট্টগ্রাম-৬ (রাউজান) আসনেও বিএনপির আর এক প্রার্থীকে দল থেকে মনোনয়ন দেয়া হয়েছে।
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম আকবর খন্দকারকে আজ রোববার দল থেকে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে মনোনয়ন দেয়া হয়েছে।
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম আকবর খন্দকারকে আজ রোববার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা চিঠি দেওয়া হয়। একই আসনে দলের ভাইস চেয়ারম্যান (পদ স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকেও দল থেকে মনোনয়ন দেওয়া হয় ৪ ডিসেম্বর।
বিএনপির কেন্দ্রীয় এক নেতা জানান, রাউজান আসনে গোলাম আকবর খন্দকারকেও দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। এর আগে গিয়াস কাদেরকে দেওয়া হয়েছিল। দুজনই দলের প্রার্থী। এখনো সময় আছে। দল চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে একজনকে প্রার্থী রাখবেন।
এই বিষয়ে বক্তব্য জানতে গোলাম আকবর খন্দকারের মুঠোফোনে কল হলে তাঁকে পাওয়া যায়নি। তবে তাঁর ছেলে তারেক খন্দকার ফেসবুকে গোলাম আকবরকে দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে বলে পোস্ট দিয়েছেন।
দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, চট্টগ্রাম ৬ (রাউজান) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান (পদ স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও উওর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম আকবর খন্দকার মনোনয়নপ্রত্যাশী ছিলেন।
এর আগে গত ৪ ডিসেম্বর রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান (বর্তমানে পদ স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে প্রাথমিক মনোনয়ন দিয়েছিলেন।
প্রসঙ্গত, গত ২৭ ডিসেম্বর চট্টগ্রামের দুটি সংসদীয় আসনে প্রাথমিকভাবে ঘোষিত প্রার্থী পরিবর্তন করে চূড়ান্ত মনোনয়ন দেয় বিএনপি। দলটির সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও চট্টগ্রাম নগরের আংশিক) আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোহাম্মদ আসলাম চৌধুরী এবং চট্টগ্রাম-১০ (পাহাড়তলী–হালিশহর) আসনে প্রয়াত নেতা আব্দুল্লাহ আল নোমানের ছেলে সাঈদ আল নোমান চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন।
মনোনয়নপত্র সংগ্রহের নির্ধারিত সময়ের প্রায় শেষ পর্যায়ে এসেও এখন পর্যন্ত চট্টগ্রাম-১৪ আসনে প্রার্থী চূড়ান্ত করেনি বিএনপি।
চট্টগ্রামনিউজ/ এসডি/
