হালদা নদীর মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে অবৈধভাবে ইঞ্জিনচালিত ড্রেজার দিয়ে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ৬ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর ) ভোর ৩টার দিকে হালদা নদীতে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান ।
অভিযানে আটক ৬ জনের প্রত্যেককে ৩০ (ত্রিশ) দিন করে কারাদণ্ড এবং প্রত্যেককে ১ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে প্রত্যেককে আরও ১৫ (পনেরো) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
অভিযানকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শওকত আলী, হাটহাজারী মডেল থানা পুলিশসহ সংশ্লিষ্টরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান বলেন , বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন, ২০২৩ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। হালদা নদীর মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
আর এইচ/
