রাঙামাটিতে বেড়াতে এসে কাপ্তাই হ্রদে কায়াকিং করতে নেমে এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মোঃ ইফরাত উদ্দিন (২৬)। তিনি পুরান ঢাকার দক্ষিণ ঢাকা সিটি কর্পোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের নাজিরাবাজার এলাকার বাসিন্দা ওয়াসিম উদ্দিনের ছেলে।
রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসীম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে বন্ধুদের সঙ্গে রাঙামাটিতে পৌঁছান ইফরাত উদ্দিন। পরে বোটযোগে আগে থেকেই বুকিং দেওয়া সদর উপজেলার বালুখালী এলাকার স্বর্ণদ্বীপ আইল্যান্ড নামের একটি রিসোর্টে যান তারা। সেখানে পৌঁছে সকাল সাড়ে ৯টার দিকে বন্ধুদের সঙ্গে কাপ্তাই হ্রদে কায়াকিং করতে নামেন তিনি।
কায়াকিংয়ের সময় অন্য সবাই লাইফ জ্যাকেট পরিধান করলেও ইফরাত উদ্দিন লাইফ জ্যাকেট পরেননি। একপর্যায়ে কায়াকিং করতে করতে তার ব্যবহৃত কায়াকটি উল্টে গেলে তিনি পানিতে তলিয়ে যান।
ঘটনার পরপরই রাঙামাটি ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হয়। ফায়ার সার্ভিসের লিডার গিয়াস উদ্দিনের নেতৃত্বে ডুবুরি সজিব চাকমা, ডুবুরি এমরান হোসেন এবং ফায়ারফাইটার মোঃ আবুল কালাম যৌথ সমন্বয়ে সকাল ৯টা ৫০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে সকাল সোয়া ১০টার দিকে কাপ্তাই হ্রদ থেকে ইফরাত উদ্দিনের মরদেহ উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
রাঙামাটি কোতয়ালী থানার ওসি মোঃ জসীম উদ্দিন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে সংশ্লিষ্টরা পর্যটকদের নৌভ্রমণ ও জলক্রীড়ার সময় লাইফ জ্যাকেটসহ নিরাপত্তা বিধি কঠোরভাবে অনুসরণের আহ্বান জানিয়েছেন। দুর্ঘটনা এড়াতে সচেতনতা ও নিরাপত্তাই যে জীবন রক্ষার প্রধান উপায়—এই ঘটনা আবারও তার করুণ প্রমাণ দিল।
আর এইচ/
