ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখযোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে বিচারের আওতায় আনার আল্টিমেটাম দিয়েছে এন্টি ফ্যাসিস্ট স্কোয়াড।
শনিবার (২০ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের জামালখান প্রেসক্লাবের সামনে এন্টি ফ্যাসিস্ট স্কোয়াডের উদ্যোগে শহীদ শরীফ ওসমান হাদির গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় জুলাই গণ-অভ্যুত্থানের যোদ্ধা, ছাত্র-জনতা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
গায়েবানা জানাযায় ইমামতি করেন জুলাইয়ের শহীদ মাহবুবুল হকের ছোট ভাই মঞ্জু মাহিম।
জানাজা শেষে সংক্ষিপ্ত সমাবেশে এন্টি ফ্যাসিস্ট স্কোয়াডের মুখপাত্র রিদুয়ান হৃদয় বলেন, “আজ যেভাবে হাদীর হত্যায় পুরো দেশ উত্তাল, সেভাবে যদি তার জীবদ্দশায় নিরাপত্তার ব্যবস্থা করা হতো, তাহলে অন্তত হাদি আমাদের মাঝে বেঁচে থাকতো। হাদীর হত্যাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে বিচারের আওতায় না আনা হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”
এসময় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এন্টি ফ্যাসিস্ট স্কোয়াডের অন্যতম সংগঠক রাকিবুল হাসান নওশাদ।
গায়েবানা জানাযা ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন এন্টি ফ্যাসিস্ট স্কোয়াডের অন্যতম সংগঠক রিয়াজুল আনোয়ার সিন্টু, আযাদ দোভাষ, সরওয়ার কামাল, টিপু সুলতান, এমদাদুল হক, নাঈমুর রহমান তানজিদ, সৈয়দ এহসানুল হক, নিজামুদ্দিন, সাকিবসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
আর এইচ/
