চট্টগ্রামের মিরসরাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য তাহমিদ উল্ল্যাহ হত্যা মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত যুবকের নাম জাহিদুল ইসলাম (২০)। শনিবার (১৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ধুম ইউনিয়নের তাজপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রোববার দুপুরে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকাণ্ডে জাহিদুল ইসলামের সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়া যায়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাপাতি উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর সন্ধ্যায় মিরসরাইয়ের বারইয়ারহাট এলাকায় সংঘর্ষের ঘটনায় কদমতলা ইসলামীয়া দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য তাহমিদ উল্ল্যাহ নিহত হন। এ ঘটনায় নিহতের মা জোরারগঞ্জ থানায় অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত জাহিদুল ইসলামকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হবে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আর এইচ
