জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। সেটা আমাদের তৈরি করতে হবে। আপনারা প্রস্তুত থাকুন, যথাসময়ে নির্বাচন হতে হবে, নয়তো দেশে সংকট তৈরি হবে। আমরা কোনো সংকট তৈরি হতে দেব না।
তিনি বলেন, নির্বাচনে জামায়াতে ইসলামী কারো সাথে জোট না করলেও বিভিন্ন দল ও শক্তির সাথে নির্বাচনি সমঝোতা করতে পারে।
আজ শনিবার (২২ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরীর আল জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য জামায়াত আমির হেলিকপ্টারযোগে চট্টগ্রাম নগরীর প্যারেড মাঠে অবতরণ করে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, স্থানীয় নির্বাচনের কথা বলছি না, এখন তা সম্ভব নয়। এই সময়ের মধ্যে আমরা অবাস্তব কথা বা দাবি করছি না, করবোও না। আমি জামায়াতের বিজয় চাই না, জনগণের বিজয় চাই। নির্বাচনের দিন গণভোট চাই না। নির্বাচনের দিন গণভোট হলে নির্বাচনে জেনোসাইড হওয়ার আশঙ্কা আছে।
তিনি বলেন, বাংলাদেশ এখন ইতিহাসের বাঁকে এসে দাঁড়িয়েছে। এ জাতির সামনে বারবার সুযোগ এলেও তার উত্তম ব্যবহার যাদের করার কথা ছিল, তারা সেটি না করে তার অপব্যবহার করেছে, নিজেদের পকেট ভরেছে।
জামায়াত আমির বলেন, দেশপ্রেম, ভিশন, আন্তরিকতা ও সৎ নেতৃত্ব না থাকার কারণে বারবার সুযোগ এলেও তা হাতছাড়া হয়েছে। ২৪ এর গণঅভ্যুত্থানের পর যে সুযোগ সৃষ্টি হয়েছে, তা আর হাতছাড়া হতে দেওয়া যাবে না।
তিনি বলেন, পিআর নিয়ে আমাদের দাবি অব্যাহত। এটি জনগণের স্বার্থে বাস্তবায়ন করতে হবে। এমনকি আমরা ক্ষমতায় গেলেও কথা দিচ্ছি যে— পিআর আমরা বাস্তবায়ন করব, ইনশাআল্লাহ।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান বলেন, দেখেন, আমাদের এতো পজিটিভ এজেন্ডা— আমরা জাতির জন্য কী করব, এগুলো ভাবতে আর বলতে বলতে সময় চলে যায়। কাউকে খোঁচানোর জন্য কিংবা কারো খোঁচার জবাব দেওয়ার সময় আমাদের নেই।
চট্টগ্রামে ডা. শফিকুর রহমান প্রথমে আকবর শাহ থানার পূর্ব ফিরোজ শাহ কলোনির আল জামিয়াতুল ইসলামিয়া বড় মাদ্রাসার বার্ষিক মাহফিলে যোগ দেওয়ার কথা রয়েছে। এর পর সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম মহানগর জামায়াত আয়োজিত নির্বাচনি দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে তার।
জামায়াত আমির বলেন, স্বাধীনতার ৫৪ বছরে একটি জাতি বহুদূর এগিয়ে যাওয়ার কথা ছিল। সম্পদের লীলাভূমি এই চট্টগ্রাম, বিশেষ করে বাংলাদেশ। কিন্তু আমরা সেই সম্পদের উপকারভোগী হতে পারলাম না কেন? কিছু লোক জনগণের সম্পদ লুণ্ঠন করে তাদের পকেট ভারী করেছে। কিন্তু কার্যত জনগণ সেই উন্নয়নের মুখ দেখেনি। আমাদের শিক্ষা ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে। নতুনভাবে শিল্পকারখানা হচ্ছে না। আমাদের মৎস্য ও প্রাণিসম্পদ ব্যাপক থাকা সত্ত্বেও চাহিদার তুলনায় উৎপাদন কম। সবকিছু একটাই কারণ। বিচক্ষণ, আন্তরিক, দেশপ্রেমিক ও সৎ নেতৃত্বের অভাব। এই চারটি উপাদান না থাকায় দেশ বারবার মুখ থুবড়ে পড়ছে। সুযোগ এসেছে, হারিয়ে গেছে। আমরা ২০২৪-এর এই সুযোগ আর হারাতে চাই না। এই সুযোগের ষোল আনা ব্যবহার করতে চাই। কোনো দল নয়, গোটা জাতি, আপামর জনগণ এই দেশের মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সকলের জন্য।
তিনি আরও বলেন, আমাদের যুদ্ধ হবে দুর্নীতির বিরুদ্ধে। আপোষহীন এই যুদ্ধে কারও কাছে মাথানত করব না। কারও কাছে আমাদের দেশের রাজনীতি ইজারা দিতে চাই না। কোনো পরিবার বা কোনো দল নয়, এই দেশের মালিক এই দেশের জনগণ। আমরা জনগণের হাতে জনগণের অধিকার তুলে দিতে চাই।
দুর্নীতি যদি উপড়ে ফেলা যায়, তাহলে সমাজের উন্নয়নের ধারাগুলো খুলে যাবে জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, আমাদের টপ প্রাইওরিটি হবে দুর্নীতির কোমর ভাঙা ও বিধ্বস্ত শিক্ষা ব্যবস্থাকে তুলে ধরা। এই শিক্ষা হবে নৈতিক, এই শিক্ষা হবে আধুনিক। আধুনিক সরঞ্জাম ও উপাদান এতে থাকবে। কিন্তু শিক্ষিত মানুষগুলো যেন মানুষবিরোধী না হয়ে ওঠে, বরং মানুষের দরদসম্পন্ন মানুষ হয়ে গড়ে ওঠে সেই মানবিক শিক্ষা আমরা নিশ্চিত করব।
চট্টগ্রামনিউজ/ এসডি/
