রাঙামাটি জেনারেল হাসপাতালের চেঞ্জিং রুম থেকে কর্তব্যরত এক নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে হাসপাতালের নার্সদের চেঞ্জিং রুম থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত নার্স সাথী বড়ুয়া (নাম), শহরের দেবাশীষ নগরের বাসিন্দা। তিনি দুই সন্তানের জননী এবং তার স্বামী একজন ব্যবসায়ী বলে জানা গেছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, সাথী বড়ুয়া গত কয়েকদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। শুক্রবার রাতে তার নাইট ডিউটি থাকলেও অসুস্থতার কারণে তিনি ৬ দিনের ছুটি নেন এবং শুক্রবার ভোরে হাসপাতালে ভর্তি হন। পরে বেডে অস্বস্তি বোধ করলে তিনি হাসপাতালের চেঞ্জিং রুমে যান।
দুপুরের দিকে সহকর্মী নার্স সাধনা চাকমা চেঞ্জিং রুমে প্রবেশ করতে গেলে দরজা ভেতর থেকে বন্ধ পান। দীর্ঘ সময় ডাকাডাকির পরও সাড়া না পেয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করলে গলায় ওড়না পেঁচানো অবস্থায় জানালার সঙ্গে ঝুলন্ত অবস্থায় সাথীর মরদেহ দেখতে পান।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর খান বলেন,“তিনি অসুস্থতার কারণে ছুটি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক চাপ থেকে তিনি এ ধরনের পদক্ষেপ নিয়েছেন।”
রাঙামাটি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন জানান,“খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
আর এইচ/
