প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতি ও নেতৃত্বের কারণে অনেকেই সংঘাতে না জড়ালেও, বাস্তবে সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।
শনিবার (২৫ অক্টোবর) রাজধানীতে আয়োজিত জাতীয় সংলাপ “মাজার সংস্কৃতি — সহিংসতা, সংকট এবং ভবিষ্যৎ ভাবনা”-এর আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
মাহফুজ আলম বলেন, “প্রধান উপদেষ্টার কারণে অনেকেই সংঘাতে জড়াচ্ছে না। তবে সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে। সরকার বদলালেই মসজিদের ইমাম পরিবর্তন হয়ে যায়, ইসলামিক ফাউন্ডেশনের চেয়ারম্যানও বদলে যায়।”
তথ্য উপদেষ্টা বলেন, “মুসলিমদের ঐক্যবদ্ধ করা নিয়ে অতীতের রাজনৈতিক নেতারা কোনো সময় গুরুত্ব দেননি। কেউ ব্যবহার করেছেন সুন্নিদের, কেউ কওমিদের। অনেকেই ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় আনার স্বপ্ন দেখেন, কিন্তু তারা এই অঞ্চলের ইসলামের ইতিহাস পড়েননি।”
তিনি আরও বলেন, “নিজেকে রক্ষা করার জন্যই সুফিবাদের সঙ্গে আওয়ামী লীগের সংযোগ গড়ে ওঠে। এখানেই ধর্মীয় রাজনীতি আটকে গেছে। কওমি রাজনীতিতেও একই ঘটনা ঘটেছে।”
সাম্প্রতিক মাজারে হামলার প্রসঙ্গে মাহফুজ আলম বলেন, “মাজারে আক্রমণের পর অনেককেই গ্রেফতার করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ধর্মীয় স্থাপনাগুলোর সংস্কারের নির্দেশ দেওয়া হয়েছে।” তিনি মনে করেন, ধর্মীয় সংস্কৃতির মধ্যেই সহনশীলতার চর্চা ফিরিয়ে না আনলে সমাজে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।
আর এইচ/
