ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম (শায়খে চরমোনাই) বলেছেন, “আমাদের রাজনীতি ক্ষমতার জন্য নয়, বরং দেশ, ইসলাম ও জনগণের অধিকার রক্ষার জন্য।”
তিনি বলেন, আজ দেশের মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত, দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্যের শিকার। ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটি দল, যারা ক্ষমতার নয়, বরং জনগণের সেবার রাজনীতি করে। আওয়ামী লীগ ও বিএনপির শাসনে জনগণের ভাগ্য পরিবর্তন হয়নি, তাই মানুষ আজ বিকল্প খুঁজছে— সেই বিকল্প ইসলাম।
শায়খে চরমোনাই বলেন, “আমরা এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই যেখানে আল্লাহভীতিই হবে শাসনের ভিত্তি, ন্যায়বিচার হবে রাষ্ট্রের মূলনীতি, এবং নাগরিকের অধিকার হবে নিশ্চিত। আমাদের লক্ষ্য শুধু ভোট নয়, ইসলামভিত্তিক সমাজ প্রতিষ্ঠা।”
তিনি আরও বলেন, আগামী নির্বাচনে প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা ইসলামী রাজনীতির বার্তা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেবেন। “আমাদের দায়িত্ব কেবল ভোট চাওয়া নয়, বরং আদর্শ উপস্থাপন করা।”
“ন্যায় ও ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় ভোটার ও সমাজের সর্বস্তরের নাগরিকদের করণীয়”— এই শ্লোগানকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম-১০ আসনের উদ্যোগে বুধবার (২২ অক্টোবর) বিকেল ৩টায় আনন্দরপুর সি.পি রোডস্থ গ্র্যান্ড তাসফিয়া কমিউনিটি সেন্টারে নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মুফতি দেলোয়ার হোসেন সাকি ও মুফতি হেদায়েত উল্লাহ আজাদী।
বিশেষ অতিথির বক্তব্যে মুফতি দেলোয়ার হোসেন সাকি বলেন, “ইসলামী আন্দোলন কেবল একটি রাজনৈতিক দল নয়, এটি দাওয়াতি ও সমাজ সংস্কারমূলক আন্দোলন। চট্টগ্রাম-১০ আসনে আমরা জনগণের সঙ্গে কাজ করছি, ইনশাআল্লাহ জনগণ এবার ইসলামী আন্দোলনকে বিজয়ী করবে।”
সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম-১০ আসনের নির্বাচনী পরিচালনা কমিটির আহ্বায়ক মোহাম্মদ আজিজুল করিম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. বেলাল নুর আজিজ, চট্টগ্রাম মহানগর সেক্রেটারি আলহাজ্ব আল মুহাম্মদ ইকবাল, মহানগর সিনিয়র সহ-সভাপতি ও চট্টগ্রাম-১১ আসনের প্রার্থী মোহাম্মদ নুরুদ্দিন, ইসলামি শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল আলম, মহানগর সাংগঠনিক সম্পাদক মো. নাজিম উদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন চট্টগ্রাম মহানগরের সভাপতি আল মিজান মোহাম্মদ নোহেল প্রমুখ।
আর এইচ/
