চট্টগ্রামের বোয়ালখালীতে একটি কমিউনিটি সেন্টারে শুরু হতে যাওয়া মাসব্যাপী প্রদর্শনী মেলার আয়োজন নিয়ে ক্ষোভ জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।
এ মেলা বন্ধে স্থানীয় উপজেলা প্রশাসনসহ আইন শৃঙ্খলা বাহিনীর দপ্তরে লিখিত দরখাস্ত দিয়েছেন ব্যবসায়ীরা।
বুধবার (২২ অক্টোবর) উপজেলার পৌর সদরের জব্বার মার্কেট, খাজা মার্কেট ও আল মদিনা মার্কেটসহ স্থানীয় ব্যবসায়ীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে দরখাস্ত দাখিল করেন।
ব্যবসায়ীরা জানান, উপজেলার আদর ক্লাবে মাসব্যাপী প্রদর্শনী মেলা হলে স্থানীয় ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনায় মারাত্মক প্রভাব পড়বে। ক্ষতিগ্রস্ত হবেন শতশত ব্যবসায়ী।
ব্যবসায়ীদের দাবি, বছরের ৮-৯ মাস লোকসানে বেচাকেনা করতে হয়। শুধু রমজান মাস এবং এর আগের দুইমাস ব্যবসা করে এ ক্ষতি পোষাতে হয়। অনেক ব্যবসায়ী ঋণগ্রস্ত। এ মেলা হলে আরও ক্ষতির সম্মুখীন হতে হবে।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও বোয়ালখালী সেনাক্যাম্পে লিখিত দরখাস্ত দিয়েছি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, আয়োজকরা মেলার জন্য অনুমতি চেয়ে জেলা প্রশাসক মহোদয়ের কাছে আবেদন করেছেন বলে জানতে পেরেছি। এরমধ্যে স্থানীয় ব্যবসায়ীরা মেলা বন্ধের জন্য দরখাস্ত দিয়েছেন। এবিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
