চট্টগ্রামের পটিয়ায় বিদ্যুতের তার ছিঁড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২২ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার খরনা ইউনিয়নের মুজাফরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— কচুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাচা মিয়ার ছেলে মিনহাজ (২২) এবং খরনা ইউনিয়নে ভাড়া বাসায় থাকা রং মিস্ত্রি মিন্টুর ছেলে ফাহিম (১৬)।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত রমিজ আহমদের ঘরের জন্য বালু নিয়ে যাওয়ার সময় একটি বালুবাহী পিকআপ গাড়ির সঙ্গে লেগে বিদ্যুতের তার ছিঁড়ে তাদের গায়ে পড়ে। এতে ঘটনাস্থলেই দুজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। দুর্ঘটনার সময় লাইন সচল থাকায় স্থানীয়রা তৎক্ষণে উদ্ধার করতে পারেননি। পরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
কচুয়া ইউনিয়ন পরিষদের মেম্বার সাইফুল ইসলাম বলেন, “বালুবাহী গাড়ির সঙ্গে লেগে বিদ্যুতের তার ছিঁড়ে ঘটনাস্থলেই দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন, বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।”
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, “ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হচ্ছে। বিস্তারিত তদন্তের পর জানা যাবে।”
আর এইচ/
