চট্টগ্রামের হাটহাজারীতে মো. তানভির (১৪) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে সহপাঠীদের বিরুদ্ধে।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে পৌরসভার আলীপুর এলাকার ধোপার দীঘির পাড়ে পুরাতন পৌরসভা কার্যালয়ের সামনে এ ঘটনাটি ঘটে।
পরে ওইদিন রাতেই অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিহতের দুই সহপাঠী—সামীর বিন সাইফ (১৬) ও মো. রবিউল ইসলামকে (১৬) গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার সামীর বিন সাইফ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আলীপুর গ্রামের সাইফউদ্দিনের পুত্র এবং রবিউল ইসলাম কনস্টেবল বাড়ির কবির আহমেদের ছেলে। দু’জনই আলীপুর রাহমানিয়া স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার টিফিন বিরতির সময় দুপুর দেড়টার দিকে নবম শ্রেণির শিক্ষার্থী তানভিরের সঙ্গে সহপাঠীদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাকে বেধড়ক মারধর করা হয়। এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তানভিরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান। পরে সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনজুর কাদের ভূঁইয়া দুই শিক্ষার্থীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
