চট্টগ্রামের মিরসরাই ও জোরারগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে হত্যা মামলার আসামি, পেশাদার চোর, মাদক মামলার আসামিসহ ২০ জন গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৭ অক্টোবর) গভীর রাত থেকে শনিবার (১৮ অক্টোবর) দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
মিরসরাই থানার পৃথক অভিযানে গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন হত্যা মামলার আসামি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার শিদলাই ইউনিয়নের লাডুচো গ্রামের সরফাত আলীর ছেলে আলমগীর হোসেন (৩৩)। স্ত্রী হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়। চুরি মামলার আসামি খৈয়াছড়া ইউনিয়নের পশ্চিম খৈয়াছড়া গ্রামের শামসুল আলমের ছেলে একরামুল হক (২৮) কে গ্রেফতার করা হয়েছে, যার বিরুদ্ধে থানায় ১০টি মামলা রয়েছে।
এছাড়া চোলাই মদ ও ইয়াবা সেবনের অভিযোগে মিঠানালা ইউনিয়নের পশ্চিম মলিয়াইশ গ্রামের জয়নাল আবেদীনের ছেলে কামরুল হাসান বাপ্পি (৩৬), একই গ্রামের এনামুল হকের ছেলে নুর উদ্দিন সেলিম (৪০), মধ্যম মিঠানালা গ্রামের খোরশেদ আলমের ছেলে মঞ্জুরুল হক রানা (৩৪), মঘাদিয়া ইউনিয়নের তিনঘরিয়া টোলা গ্রামের মনিন্দ্র কুমার দাসের ছেলে স্বপন কুমার দাস (৫০)এবং মিঠানালা ইউনিয়নের মৃত রুহুল আমিনের ছেলে দেলোয়ার হোসেন (৫৮) কে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে দেশীয় তৈরি ২ লিটার চোলাই মদ, ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
প্রকাশ্যে জুয়া খেলার অভিযোগে মিঠানালা ইউনিয়নের পশ্চিম মলিয়াইশ গ্রামের ছৈয়দুল হকের ছেলে শাহাদাত হোসেন মামুন (৪৮), একই গ্রামের আবুল বাশারের ছেলে নুরুল ইসলাম মনাই (৫৫), মৃত অহিদুল রহমানের ছেলে রফিকুল ইসলাম (৫০), মঘাদিয়া ইউনিয়নের শেখটোলা গ্রামের মৃত শেখ আহম্মদের ছেলে আবুল কালাম (৪৮), মৃত আবু বক্করের ছেলে আবু তাহের (৬০) এবং গজারিয়া গ্রামের মৃত শফিউল্লাহর ছেলে বাচ্চু মিয়া (৫৬) সহ আরও ৬ জনকে গ্রেফতার করা হয়। সব মিলিয়ে মিরসরাই থানার অভিযানে ১৩ জন আসামি গ্রেফতার হয়েছে।
জোরারগঞ্জ থানার পৃথক অভিযানে গ্রেফতারকৃতরা হলেন জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় গ্রামের মৃত মোশাররফ হোসেনের ছেলে শরীফুল ইসলাম (২৪) ও মো. শফির ছেলে মো. সুমন (২৫)। তাদের কাছ থেকে যথাক্রমে ১২ পিস ও ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া সন্দিগ্ধ আসামি হিসেবে হিঙ্গুলী ইউনিয়নের নুরুল আফসারের ছেলে মো. আইনুল ইসলাম (২৩), ভুজপুর থানার দাঁতমারা ইউনিয়নের দক্ষিণ এনায়েতপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে মো. দিদার হোসেন (১৯), মেহেদীনগর গ্রামের কামাল উদ্দিনের ছেলে মো. দিদার হোসেন (২৯), বারইয়ারহাট পৌরসভার বাসস্ট্যান্ড এলাকা থেকে মৃত তালেব আলীর ছেলে ফখরুল ইসলাম (২০) এবং মৃত লক্ষ্মীকান্ত দাশের ছেলে তপন দাশ (৫০) কে ২৭০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল রহমান বলেন, ‘শুক্রবার গভীর রাত থেকে শনিবার সকাল পর্যন্ত পৃথক অভিযানে হত্যা, চুরি, মাদক ও জুয়া মামলার ১৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে। মাদক, জুয়া ও চুরি-ডাকাতি প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের সবাইকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আব্দুল হালিম বলেন, ‘একই সময়ে পৃথক অভিযানে ৭ আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের শনিবার দুপুরে সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’
আর এইচ/
