জুলাই সনদ স্বাক্ষরের দিনেও ‘জুলাই যোদ্ধাদের’ রাস্তায় নামতে হয়েছে—এটাকে দেশের জন্য লজ্জাজনক ঘটনা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (১৭ অক্টোবর) রাজধানীর মিরপুর ১০ নম্বরে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “অন্তর্বর্তী সরকারের পুলিশের হাতে জুলাই যোদ্ধাদের মার খাওয়া অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক। অনেকের দাবি মানা হলেও তাদের প্রতি অবিচার করা হচ্ছে।”
তিনি অভিযোগ করে বলেন, বাংলাদেশের ইতিহাসে জামায়াতের মতো নির্যাতনের শিকার আর কোনো দল হতে হয়নি। “জুলাই আন্দোলনের মজলুমদের কষ্ট আমরা সবচেয়ে ভালো বুঝি,” যোগ করেন তিনি।
জামায়াতের অবস্থান তুলে ধরে তিনি বলেন, “আন্দোলনের পর থেকে এখন পর্যন্ত কারও বিরুদ্ধে আমরা ব্যক্তিগত প্রতিশোধ নেইনি। সুযোগ থাকা সত্ত্বেও কোনো অপরাধে লিপ্ত হইনি। ভবিষ্যতেও কাউকে অপরাধ করতে দেওয়া হবে না।”
তিনি মনে করিয়ে দেন, রাজনৈতিক প্রতিশোধ নয়—ন্যায়বিচার, সমতা ও দেশের স্বার্থেই তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
আর এইচ/
