ইসলামী আন্দোলন বাংলাদেশ এর চট্টগ্রাম ১ (মিরসরাই) আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট ফেরদৌস আহমেদ চৌধুরী মিরসরাইয়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ে করেছেন। বৃহস্পতিবার (১৬অক্টোবর) সকাল ১১টায় মিরসরাই উপজেলা আইএবি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম-১ মিরসরাই আসনে হাতপাখা প্রতীকের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ অ্যাডভোকেট ফেরদৌস আহমদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএবি চট্টগ্রাম জেলা (পশ্চিম) শাখা সভাপতি মুফতি মহিউদ্দিন আকবর আলী।
প্রধান অতিথি মুফতি মহিউদ্দিন আকবর আলী বলেন, ৫ আগস্টের পর আমরা আবার সাংবাদিকদের সঙ্গে বসার সুযোগ পেয়েছি। অতীতে ফ্যাসিস্ট সরকারের সময়ে সাংবাদিকরা বৈষম্যের শিকার হয়েছেন, সত্য বলার সুযোগ পাননি। এখন সময় এসেছে স্বাধীনভাবে সত্য প্রকাশের। আমরা গণমানুষের প্রত্যাশার বাংলাদেশ বিনির্মাণ করবো ঐক্যবদ্ধ ভাবে।
বিশেষ অতিথির আলোচনায় জেলা সিনিয়র সহ-সভাপতি শেখ মঞ্জুর এলাহী শওকত বলেন, জুলাই অভ্যুত্থানের পর জাতি আশা করেছিল ভঙ্গুর অর্থনীতিতে স্থিতি ফিরবে এবং গণতন্ত্র পুনরুদ্ধার হবে। কিন্তু বছর না ঘুরতেই মানুষ আবার হতাশ হয়েছে— দুর্নীতি, চাঁদাবাজি ও রাজনৈতিক সহিংসতা ফিরে এসেছে। আমরা ট্যাগের রাজনীতি থেকে বেরিয়ে আসতে চাই।
বক্তারা আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ শুরু থেকেই পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে আসছে, যাতে কোনো দল এককভাবে ক্ষমতায় এসে স্বৈরাচারী হয়ে উঠতে না পারে। জুলাই সনদ বাস্তবায়নসহ আমাদের ৫ দফা দাবি পূরণে আমরা মাঠে আছি।
অ্যাডভোকেট ফেরদৌস আহমদ চৌধুরী সভাপতির বক্তব্যে বলেন, ইনসাফ ও বৈষম্যমুক্ত রাষ্ট্র গঠনের লড়াইয়ে আমরা সাংবাদিক সমাজকে আমাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা দীনি সংগঠনের সভাপতি ইব্রাহিম খলিল, জেলা আইএবির সহ-সভাপতি আবদুল্লাহ ভুঁইয়া, সেক্রেটারি জসিম উদ্দিন, আইন ও মানবাধিকার সম্পাদক এড. আনিসুল হক, জেলা শ্রমিক আন্দোলন সভাপতি রেজাউল করিম, সেক্রেটারি ফজলুল করীম মিরসরাই থানা সভাপতি রিদওয়ানুল হক, সেক্রেটারি মহিউদ্দিন, জোরারগঞ্জ থানা সভাপতি ওমর ফারুক, সেক্রেটারি শহিদুল ইসলাম,
এছাড়া মতবিনিময় সভায় মিরসরাই প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, আনোয়ারুল আজিম নিজামীসহ বিভিন্ন স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর পাঁচ দফা কর্মসূচি ও জাতীয় রাজনীতি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন অ্যাডভোকেট ফেরদৌস আহমদ চৌধুরী।
আর এইচ/
