চট্টগ্রামের সীতাকুণ্ডে মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর পৌনে ২টার দিকে সীতাকুণ্ড রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে এই দুর্ঘটনা ঘটে।
সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. আশরাফ ছিদ্দিক জানান, চট্টগ্রামগামী মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনটি সীতাকুণ্ড স্টেশন অতিক্রম করার সময় ওই যুবক ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান।
নিহতের আনুমানিক বয়স ৩৫ বছর। তার মুখে দাড়ি ছিল, পরনে ছিল একটি চেক লুঙ্গি এবং বেগুনি ও হালকা কমলা রঙের গেঞ্জি।
এসআই আশরাফ ছিদ্দিক আরও বলেন,“আমরা লাশ উদ্ধার করেছি। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান।”নিহতের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
আর এইচ/
