কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে সন্ত্রাসীদের আস্তানায় বিশেষ অভিযান চালিয়েছে র্যাবের নেতৃত্বাধীন যৌথ বাহিনী।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা এ অভিযানে ফকিরজুম পাড়া, আঁধার ঘোনা ও মিজ্জির পাড়ার গভীর পাহাড়ি এলাকায় সন্ত্রাসীদের ৫টি টংঘর ধ্বংস করা হয়।
র্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান জানান, এ অভিযানে র্যাবের পাশাপাশি নৌবাহিনী ও পুলিশ সদস্যরাও অংশ নেন।
তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে মহেশখালীর গহিন পাহাড়ে কয়েকটি সন্ত্রাসী গ্রুপ ঘাঁটি গড়ে তোলে ডাকাতি, খুনসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।
অভিযানের আগের দিন, বুধবার, সন্ত্রাসীদের গুলিতে তিন পুলিশ সদস্য আহত হন। এ ঘটনার পরপরই সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালানোর সিদ্ধান্ত নেয় যৌথ বাহিনী।
অভিযানে সন্ত্রাসীদের আস্তানা থেকে ১০টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, কার্তুজ এবং রাইফেলের গুলি উদ্ধার করা হয়েছে।
র্যাবের অধিনায়ক জানান, এই অভিযান চলমান থাকবে এবং পাহাড়ি এলাকায় অপরাধ নির্মূলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
আর এইচ/
