“প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” প্রতিপাদ্য নিয়ে চট্টগ্রামের বোয়ালখালীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত আলোচনা সভা, শপথ পাঠ, যুব ঋণের চেক বিতরণ, প্রশিক্ষণ সনদ বিতরণ এবং ফটোসেশান অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন অফিসার মুহাম্মদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী যুব উন্নয়ন অফিসার মাহবুবুল আলম।
বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. আতিক উল্লাহ, মৎস্য কর্মকর্তা মো. নাঈম হাসান, থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ লুৎফুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা সোনিয়া সফি, প্রাণিসম্পদ অধিদপ্তরের ডা. মোহাম্মদ সাইদুল আলম, মুক্তিযোদ্ধা মহসীন খান তরুণ, সাংবাদিক মুজাহিদুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি এস এম মোদ্দাচ্ছের, খান ফাউন্ডেশনের প্রতিনিধি রূপক চক্রবর্তী, প্রত্যাশী যুবদলের সদস্য বিবি আয়েশা ইমু ও সফল আত্মকর্মী রিমেল বড়ুয়া।
অনুষ্ঠানে বিভিন্ন কোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত ১৫ জনকে সনদ এবং ৬ জনকে ১০ লাখ ৫০ হাজার টাকার যুব ঋণের চেক তুলে দেয়া হয়।
