মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, “মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের যত ভালো কাজ, সবই মূলত আবদুল্লাহ আল নোমানের পরিকল্পনা ও উদ্যোগে শুরু। আমি যতদিন এই দায়িত্বে থাকব, তাঁর মতো করেই কাজ চালিয়ে যাব।”
সোমবার (২৭ জুলাই) সকালে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) অডিটরিয়ামে প্রয়াত আবদুল্লাহ আল নোমানের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন।
স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা বলেন, “চট্টগ্রাম তথা দেশের রাজনৈতিক, শিক্ষা ও স্বাস্থ্য খাতে নোমান সাহেবের অবদান চিরস্মরণীয়। তিনি ছিলেন প্রগতিশীল ও ধর্মভীরু একজন নেতা, যার সৎ, নিষ্ঠাবান ও দেশপ্রেমিক নেতৃত্ব আজকের প্রজন্মের অনুকরণীয়।”
তিনি জানান, “মৎস্যজীবীদের জন্য প্রণোদনা চালুর উদ্যোগও তাঁর হাত ধরেই। সেই কার্যক্রম আজও চলমান, আমরা সেটি আরও সম্প্রসারণ করছি।”
উপদেষ্টা আরও বলেন, “চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় আজ চট্টগ্রামে আছে শুধুমাত্র নোমান সাহেবের সময়োচিত ও দৃঢ় অবস্থানের কারণে। পাথরঘাটা মহিলা কলেজ, এনায়েত বাজার মহিলা কলেজ, চট্টগ্রাম শিক্ষা বোর্ড, জেনারেল হাসপাতাল, কর্ণফুলী সেতু— সবখানেই তাঁর অসামান্য অবদান রয়েছে। সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন থেকে শুরু করে আধুনিক চট্টগ্রাম গঠনে তাঁর অবদান ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে।”
সভায় সভাপতিত্ব করেন, সিভাসুর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ লুৎফুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিভাসুর পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ রাশেদুল আলম, দৈনিক পূর্বকোণের নগর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নওশের আলী খান, দৈনিক আমার দেশের আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি, অধ্যাপক ড. পরিতোষ কুমার বিশ্বাস, অধ্যাপক ড. এ কে এম সাইফুদ্দিন, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির সাবেক উপাচার্য ড. সিকান্দার খান, বর্তমান উপাচার্য ড. মোহাম্মদ নাজিম উদ্দিন, আব্দুল্লাহ আল নোমানের পুত্র ও ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির চেয়ারম্যান সাঈদ আল নোমান, কন্যা তাজীন নোমান নুমা প্রমুখ।
স্মৃতিচারণে বক্তারা বলেন,ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় আবদুল্লাহ আল নোমানের পাশাপাশি দৈনিক পূর্বকোণের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইউসুফ চৌধুরী ও শাহেদুল আলম কাদেরীর অবদানও অনস্বীকার্য।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সিভাসুর প্রক্টর ড. মোহাম্মদ মাহবুবুর রহমান, ওয়ান হেলথ ইনস্টিটিউটের পরিচালক ড. মো. আহসানুল হক, সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।
আর এইচ/
