বাংলাদেশ বিমান বাহিনী পরিচালিত শাহীন কলেজসমূহ (মোট ৭টি), বিএএফ শাহীন হাজী আশ্রাফ আলী স্কুল ও ব্লু স্কাই স্কুলে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে গত ২১ জুলাই ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতদের স্মরণে আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) এই আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে দুর্ঘটনায় নিহত কোমলমতি শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী ও অভিভাবকদের রুহের মাগফেরাত কামনা করা হয়। এসময় স্মরণ করা হয় নিহত বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট মোঃ তৌকির ইসলামকেও। দুর্ঘটনায় আহত হয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীনদের দ্রুত সুস্থতার জন্যও বিশেষ প্রার্থনা করা হয়।
এ আয়োজনে দুই মহান শিক্ষিকাকে গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয়, যাঁরা ভয়াবহ আগুনের মুখে দাঁড়িয়ে শিক্ষার্থীদের জীবন বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করেছেন। একই সাথে সাহসী সেইসব শিক্ষার্থীকেও শ্রদ্ধা জানানো হয়, যারা জীবন বিপন্ন করে বন্ধুদের উদ্ধারে এগিয়ে এসেছে।
দোয়া মাহফিল চলাকালে শিক্ষার্থীদের চোখে অশ্রু আর অন্তরে ছিল গভীর শোকের সাথে আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা। সকলের জন্য একটি নিরাপদ ভবিষ্যতের প্রার্থনা করে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে আয়োজন সমাপ্ত হয়।
অনুষ্ঠানে শাহীন কলেজসমূহ, বিএএফ শাহীন হাজী আশ্রাফ আলী স্কুল ও ব্লু স্কাই স্কুলের অধ্যক্ষ, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
আর এইচ/
