সোমবার, ২০ এপ্রিল ২০২৬

বান্দরবানে পলিটেকনিক প্রকল্পে রাজনৈতিক হস্তক্ষেপে অনিশ্চয়তা

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

রাজনৈতিক ছত্রছায়ায় সুবিধাভোগী একটি গোষ্ঠীর বিরোধিতার কারণে বান্দরবানের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন জেলা পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনের প্রকল্পটি অনিশ্চয়তার মুখে পড়েছে।

দীর্ঘ আট বছর পেরিয়ে গেলেও এখনো জমি অধিগ্রহণের কাজ সম্পূর্ণ হয়নি। কারিগরি শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, উপযুক্ত জমি পাওয়ার পরও রাজনৈতিক প্রভাবের কারণে অধিগ্রহণের প্রক্রিয়া বারবার বাধাগ্রস্ত হচ্ছে।

জানা গেছে, ২০১৮ সালে বান্দরবানসহ দেশের ২৩টি জেলায় পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনের প্রকল্প হাতে নেওয়া হয়। তবে প্রকল্পের বর্ধিত মেয়াদ ৩০ জুন ২০২৫ শেষ হওয়ার পরও বান্দরবানে জমি অধিগ্রহণের কাজ শুরু হয়নি। ফলে প্রকল্প বাতিলের শঙ্কা তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের মাঝামাঝি সময়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের কয়েকজন নেতা ও তাঁদের আত্মীয়দের জমি অধিগ্রহণের জন্য প্রকল্প বাস্তবায়নকারী সংস্থাকে চাপ দেওয়া হয়। তবে সেই জমিগুলো ইনস্টিটিউটের জন্য উপযোগী ছিল না।

পরবর্তী সময়ে রাজনৈতিক পট পরিবর্তনের পরও পরিস্থিতির উন্নতি হয়নি। এখন আবার অন্য একটি রাজনৈতিক দলের ছত্রছায়ায় থাকা কিছু ব্যক্তি জমি অধিগ্রহণে বাধা দিচ্ছেন।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে জানান, বর্তমান সরকার আসার পর বান্দরবান-চট্টগ্রাম সড়কের সুয়ালক মাঝেরপাড়া এলাকায় একটি উপযুক্ত জমি চিহ্নিত করা হয় এবং জেলা প্রশাসনকে অধিগ্রহণের প্রস্তাব দেওয়া হয়। তবে প্রক্রিয়া শুরু হলে একটি পক্ষ আপত্তি তোলে। তাঁদের দাবি, প্রস্তাবিত জমির একাংশ আওয়ামী লীগের এক নেতার ভাইয়ের নামে রয়েছে এবং ওই এলাকায় পাহাড়ি পাড়া থাকায় সহিংসতার আশঙ্কা রয়েছে।

তবে সরেজমিনে দেখা গেছে, প্রস্তাবিত স্থানে কোনো পাহাড়ি পাড়া নেই এবং আশেপাশে কোনো ঘরবাড়িও দেখা যায়নি। প্রস্তাবিত স্থান ও পাহাড়ি পাড়ার মধ্যে একটি পাহাড়ও রয়েছে।

স্থানীয় বাসিন্দা উছামং মারমা ও নাসির উদ্দিন বলেন, “শুরুতে কেউ আপত্তি করেনি। বহিরাগত কয়েকজন রাজনৈতিক কর্মী প্রলোভন দেখিয়ে স্থানীয়দের দিয়ে আপত্তি তুলিয়েছে।”

তাঁদের দাবি, বহিরাগতরা চায় ইনস্টিটিউট প্রধান সড়ক থেকে দুই-তিন কিলোমিটার দূরে সুলতানপুর এলাকায় সরিয়ে নিতে। কিন্তু সেখানে প্রস্তাবিত জমি তিন ফসলি এবং যোগাযোগ ব্যবস্থা দুর্বল। ফলে ব্যয় কয়েকগুণ বেড়ে যাবে, কৃষি জমি নষ্ট হবে এবং শিক্ষার্থী-শিক্ষকদের যাতায়াতেও ভোগান্তি হবে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান উক্যনু মারমা বলেন, “মাঝেরপাড়া এলাকার প্রস্তাবিত জমিতে কোনো জনবসতি নেই। পাহাড়িদের পাড়াও অনেক দূরে। জমির মালিকদের একজন আওয়ামী লীগের নেতার বড় ভাই হলেও তিনি একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। বহিরাগতরা শুধু নিজেদের স্বার্থে জায়গা বদলাতে চায়।”

জমির মালিক ইদ্রিছ চৌধুরী, শহীদুল আলম ও তানজিনা আফরিন বলেন, “আমরা সবাই শিক্ষক বা সরকারি কর্মচারী। এলাকার স্বার্থে আমরা জায়গাটি দিতে রাজি আছি। এখানেই ইনস্টিটিউট হলে যোগাযোগ ব্যবস্থা ভালো থাকবে।”

স্থানীয় বাসিন্দারা জানান, প্রস্তাবিত স্থানের পাশে চা বোর্ড অফিস, নির্মাণাধীন রেড ক্রিসেন্ট হাসপাতাল, পিটিআই, ম্যাটস, ম্রো আবাসিক স্কুল ও আনসার ব্যাটালিয়ন রয়েছে। তাই এখানেই পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনই যথোপযুক্ত হবে। বহিরাগতদের ষড়যন্ত্রে প্রকল্প বাতিল হলে তাঁরা আন্দোলনের হুমকি দিয়েছেন।

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান বলেন, “প্রস্তাবিত স্থানে কোনো জনবসতি নেই। তারপরও বহিরাগতদের দিয়ে পাহাড়ি-বাঙালি সহিংসতার মিথ্যা অজুহাত দেখিয়ে প্রকল্প বাতিলের ষড়যন্ত্র হচ্ছে। এতে বাধা দিতে নাগরিক পরিষদ আন্দোলনে নামবে।”

তবে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি বলেন, “তদন্তকালে প্রস্তাবিত জায়গায় উপস্থিত বেশির ভাগ লোকজন ইনস্টিটিউটের বিপক্ষে মত দিয়েছেন। তাঁদের আশঙ্কা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হতে পারে। তাঁদের বক্তব্যের ভিত্তিতেই প্রতিবেদন দেওয়া হয়েছে।”

স্থানীয়রা অভিযোগ করেন, ইউএনও যেদিন এলাকা পরিদর্শন করেন, সেদিন বহিরাগতদের ট্রাকে করে এনে মতামত নেওয়া হয়েছিল, কিন্তু প্রকৃত স্থানীয়দের কথা শোনা হয়নি।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক কবির হোসাইন বলেন, “উপযুক্ত জায়গা না পেলে বান্দরবানে পলিটেকনিক ইনস্টিটিউট হবে না। মাঝেরপাড়া এলাকার জমিটি সর্বাধিক উপযোগী।”

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সিআরবিতে হাসপাতাল নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি: রেলপথ মন্ত্রী

রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের...

আগামী ২ মে দেশব্যাপী শুরু হচ্ছে “নতুন কুঁড়ি স্পোর্টস”

১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই...

সরকারি শারীরিক শিক্ষা কলেজের আন্ত:হাউজ ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্তঃ হাউজ...

ভুয়া এনআইডিতে চাকরি নিয়ে মালামাল আত্মসাৎ, পলাতক চালক গ্রেপ্তার

ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে চাকরি নিয়ে প্রায়...

এনসিটি নিয়ে ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাব রাষ্ট্রের স্বার্থ অক্ষুণ্ন রেখেই সিদ্ধান্ত: নৌপরিবহনমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় আন্তর্জাতিক প্রতিষ্ঠান...

সিআরবিতে গাছ কেটে কখনো কোনো হসপিটাল বা স্থাপনা আমরা করতে দিব না : মেয়র শাহাদাত

   চট্টগ্রামে সিআরবি এলাকায় হাসপাতাল বা নতুন কোনো স্থাপনা নির্মাণ...

আরও পড়ুন

ভুয়া এনআইডিতে চাকরি নিয়ে মালামাল আত্মসাৎ, পলাতক চালক গ্রেপ্তার

ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে চাকরি নিয়ে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল আত্মসাৎ করার অভিযোগে রুবেল গাজী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার...

সিআরবিতে গাছ কেটে কখনো কোনো হসপিটাল বা স্থাপনা আমরা করতে দিব না : মেয়র শাহাদাত

   চট্টগ্রামে সিআরবি এলাকায় হাসপাতাল বা নতুন কোনো স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।তিনি বলেন, গতকালকে এ বিষয়ে রেলপথমন্ত্রী...

জেলার অন্তত ৯৫ শতাংশ শিশুকে হাম রুবেলা টিকা দিতে হবে : সিভিল সার্জন

চট্টগ্রামে আগামী সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে হাম রুবেলা জরুরি টিকাদান ক্যাম্পেইন-২০২৬। এই বিশেষ ক্যাম্পেইনের আওতায় চট্টগ্রাম জেলার ১৫টি উপজেলায় মোট ৭ লাখ ৬৭...

চট্টগ্রাম বন্দরের কোনও কাজই নিয়মের বাইরে করা যাবে না : নৌপরিবহনমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা আরও বাড়ানোর সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। রবিবার (১৯ এপ্রিল) দুপুর ২টার দিকে চট্টগ্রাম বন্দরের এনসিটি-৫...