পটিয়ায় দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ও শোভনদণ্ডী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শামসেদ হিরুর (৪০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৯টার দিকে শোভনদণ্ডী ইউনিয়নের রশিদাবাদ গ্রামের নিজ বাড়ির পাশে একটি কাচারি ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত শামসেদ হিরু বক্স আলী ফকির বাড়ির মৃত মো. শুক্কুর মেম্বারের ছেলে। এক ছেলে ও এক মেয়ের জনক হিরু স্থানীয় রাজনীতিতে পরিচিত মুখ ছিলেন। তিনি পটিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদকও ছিলেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ১১টা পর্যন্ত হিরু স্থানীয় একটি চায়ের দোকানে আড্ডা দেন। থানায় মামলা থাকায় তিনি প্রায়ই পার্শ্ববর্তী কাচারি ঘরে রাত কাটাতেন। প্রতিদিনের মতো শুক্রবার সকাল ৬টার দিকে স্ত্রী ডাকতে গিয়ে দরজা বন্ধ পেয়ে ফাঁক দিয়ে উঁকি দিলে তাকে ফাঁসিতে ঝুলতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে মরদেহ নামানো হয়।
পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, “খবর পেয়ে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও, আত্মহত্যার ক্ষেত্রে অনেক সময় নাক ও মুখ দিয়ে রক্ত বের হতে পারে। পোস্টমর্টেম রিপোর্ট পেলে প্রকৃত কারণ জানা যাবে।”
তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে এবং আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
আর এইচ/
