চট্টগ্রামের মিরসরাইয়ে দলীয় কোন্দলের জেরে প্রতিপক্ষের হামলায় উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী ও বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহবায়ক মঈন উদ্দিন লিটনসহ ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন৷
রবিবার (২৯ জুন) রাত সাড়ে ৯টায় বারইয়ারহাট পৌর সদরের মসজিদ গলিতে এই ঘটনা ঘটে৷ এই ঘটনায় উভয়পক্ষ পাল্টাপাল্টি হামলার অভিযোগ করেন। গুরুতর আহত অবস্থায় গোলাম মাওলা নামের একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে৷
আহত মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী বলেন, ‘রবিবার রাতে বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহবায়ক মঈন উদ্দিন লিটনসহ আমাদের বেশ ক’জন নেতাকর্মীকে সাথে নিয়ে কাশবন রেস্টুরেন্টে চা নাস্তা খেতে যাই৷ সেখান থেকে বের হলে আগে থেকে অবস্থান নেওয়া সন্ত্রাসীরা আমার এবং নেতাকর্মীদের উপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়৷ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম ও বারইয়ারহাট পৌরসভার বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজীর অনুসারীরা আমাদের উপর এই ন্যাক্কারজনক হামলা চালায়৷ আমাদের সফলতা, আমাদের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তাদের নোংরা হামলায় আমাদের বেশ ক’জন নেতাকর্মী আহত হয়েছে৷ পুলিশকে ফোন দিয়েও কোনো প্রতিকার পাইনি৷ তারা আমাকে অবরুদ্ধ করে রেখেছিল৷’
এ ব্যাপারে মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘বারইয়ারহাট বড় বাজার৷ এখানে নিয়মিত আমাদের শতশত নেতাকর্মীরা অবস্থান করে। কাশবন হোটেলের সামনে আমাদের ছাত্রদল যুবদলের কয়েকজন নেতাকর্মী দাঁড়িয়ে ছিল। তাদের অনুসারী নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীদের নিয়ে কটূক্তি করে৷ সেটি বাকবিতণ্ডায় জড়ায়৷ তারাই প্রথমে হামলা করে৷ তাদের হামলায় শাফায়েত হোসেন শুভ, শাহীন আলম নিশাত, তানবীর হোসেন,মো. বাদশা, জাহিদুল ইসলাম সহ একাধিক ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মী আহত হয়েছে।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (মস্তাননগর) হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক জানান, হামলায় আহত হওয়া ৪ জনকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি৷ মাওলা নামে একজন গুরুতর আহত হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে৷’
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম হামলার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘এটা মনে হয় তাদের দলীয় কোন্দল। খবর পেলে পুলিশের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে৷ অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে৷’
চট্টগ্রাম নিউজ / এসডি/
