চট্টগ্রামের সীতাকুণ্ডে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ তিনজন ডাকাতকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) শাখা।
রোববার রাত ১১টা ৪৫ মিনিটের দিকে সীতাকুণ্ড মডেল থানাধীন সলিমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বন্দর-টু-বায়েজিদ লিংক রোডের মেসার্স বেঙ্গল ব্রিকস ইন্ডাস্ট্রির সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন—নুর মোহাম্মদ ওরফে মানিক, আরিফ হোসেন, মো. রবিউল হোসেন।
অভিযান চলাকালে তাদের সঙ্গে থাকা আরও ১২-১৩ জন সহযোগী পাহাড়ের দিকে পালিয়ে যায় বলে জানায় পুলিশ।
ডিবি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা ডাকাতির উদ্দেশ্যে ঐ স্থানে সমবেত হয়েছিল এবং তাদের কাছ থেকে একটি বড় কাটার, দুটি রামদা, দুটি লোহার পাইপ ও একটি স্ক্রু ড্রাইভার জব্দ করা হয়েছে।
গ্রেফতারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পালিয়ে যাওয়া অন্যান্য সহযোগীদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।এ ঘটনায় সীতাকুণ্ড মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
আর এইচ/
