সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নে সেনাবাহিনীর অভিযানে চিহ্নিত ছয় কিশোর গ্যাং সদস্যকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার (১৩ জুন) দুপুরে সেনাবাহিনীর একটি টহল দল স্থানীয়দের সহায়তায় ছদাহা ইউনিয়ন থেকে ওই কিশোরদের আটক করে।
সেনাবাহিনীর সূত্র জানায়, গত কয়েকদিন ধরে ছদাহা ইউনিয়নে একটি কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে মারধর, অপহরণ ও চুরিসহ একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ ওঠে। এরপরই সেনা টহল জোরদার করা হয়। শুক্রবার দুপুরে টহল চলাকালে সেনাবাহিনী সদস্যরা সন্দেহভাজন কিছু কিশোরের গতিবিধি লক্ষ্য করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় ছয়জনকে আটক করা হয়।
সাতকানিয়া সেনা ক্যাম্পে দায়িত্বরত ক্যাপ্টেন পারভেজ জানান, “গোয়েন্দা তথ্য ও এলাকাবাসীর সহায়তায় ছয় কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়েছে। তারা এলাকায় পূর্ব থেকেই নানা অপরাধে জড়িত ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।”
এ বিষয়ে সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সুদীপ্ত রেজা বলেন, “সেনাবাহিনী ছয় কিশোর গ্যাং সদস্যকে আমাদের নিকট হস্তান্তর করেছে। তাদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”
আর এইচ/
