রাঙ্গুনিয়ায় গরুর বাজারে ধারালো অস্ত্র দিয়ে শ্বশুরকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে মেয়ের জামাই।
শুক্রবার (৬ জুন) বিকেল ৫টার দিকে রাঙ্গুনিয়া উপজেলার কাপ্তাই সড়কসংলগ্ন গোডাউন গরুর বাজারে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা ঘাতককে ধরে ফেলে এবং সেনাবাহিনী ও পুলিশের হাতে সোপর্দ করে।
নিহত বাচা মিয়া (৬০) রাঙ্গুনিয়ার শিলক ইউনিয়নের রাজাপাড়া গ্রামের বাসিন্দা। অভিযুক্ত মো. হোসেন (৪০) একই উপজেলার সরফভাটা ইউনিয়নের পূর্ব সরফভাটা গ্রামের বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, বাচা মিয়া তার তিনটি গরু নিয়ে বাজারে এসেছিলেন। দুটি গরু বিক্রি করে শেষ গরুটি বিক্রির জন্য অপেক্ষা করছিলেন। ঠিক তখনই জামাতা হোসেন বাজারে এসে কোনো পূর্ব সতর্কতা ছাড়াই ধারালো দা দিয়ে একের পর এক কোপাতে থাকেন বাচা মিয়াকে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক (এসআই) সুমন কবির মৃধা বলেন, “অভিযুক্ত মো. হোসেনকে গ্রেফতার করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন।”
আর এইচ/
