চট্টগ্রাম নগরের খুলশীতে স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন ওরফে বগাকে (৪২) গ্রেপ্তারে অভিযান চালিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে হামলাকারীদের সংঘর্ষের মধ্যে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সরকারি গাড়ি ভাঙচুর করা হয়। হামলায় ওসিসহ অন্তত ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন।এসময় তার বাসার ভেতরে থাকা একটি গোপন সুড়ঙ্গপথ দিয়ে পরিবারের সহযোগিতায় পালিয়ে যান তিনি।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে খুলশীর ওয়্যারলেস মোড় ও পাহাড়তলী এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, পাহাড়তলী ডিগ্রি কলেজের প্রভাষক মিজানুর রহমানকে তুলে নিয়ে মারধর এবং কলেজের অধ্যক্ষকে ভিডিও কলে রেখে নির্যাতনের ঘটনায় করা মামলায় বগাকে ২ নম্বর আসামি করা হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে অস্ত্র মামলায় গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে।
তাকে গ্রেপ্তারে অভিযানে গেলে অনুসারীরা রাস্তায় ব্যারিকেড দিয়ে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ও ককটেল সদৃশ বস্তু ছোড়ে। এসময় খুলশী থানার ওসির সরকারি গাড়ি ভাঙচুর করা হয়।
হামলায় ওসি মোহাম্মদ আবদুর রহিমসহ অন্তত ৬ পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশ আত্মরক্ষার্থে ৩-৪টি সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অভিযানকালে ওয়্যারলেস কলোনিতে তার নিজ বাসায় তল্লাশি চালিয়ে ভেতরে একটি গোপন সুড়ঙ্গপথের সন্ধান পায় পুলিশ। পুলিশের দাবি, অভিযানের খবর পেয়ে ওই সুড়ঙ্গ পথ দিয়ে আগেই সটকে পড়েন বগা। এসময় মোবাইল ফোনে ও ভিডিও কলে পুলিশকে হুমকি ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন তিনি।
খুলশী থানার ওসি মোহাম্মদ আবদুর রহিম বলেন, শিক্ষককে মারধরের মামলা ছাড়াও তার বিরুদ্ধে অস্ত্র মামলার ওয়ারেন্ট রয়েছে। নিয়মিত মামলার ভিত্তিতেই আমরা অভিযানে যাই। আসামিরা পূর্বপরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং বগাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওয়াকিল হোসেন বগা ওয়্যারলেস কলোনির মোহাম্মদ জাবেদের ছেলে। দীর্ঘদিন ধরে খুলশী, পাহাড়তলী ও আকবর শাহ এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ১৭টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ছাড়া গত ৮ জুন শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তাকে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার করা হয়।
চট্টগ্রামনিউজ/ এসডি/
