বান্দরবানের দুর্গম অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবার উদ্যোগ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গত শুক্রবার(২ই মে) জেলার থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের দুর্গম সীমান্তবর্তী ত্রীমতি কারবারী পাড়ায় বিজিবি’র আলীকদম ব্যাটালীয়ন(৫৭বিজিবি) এর অধীনস্থ ওয়াংরাই পাড়া বিওপি এর সার্বিক পৃষ্ঠপোষকতায় এবং স্থানীয় বাসিন্দা ও পাড়া কারবারিদের আন্তরিকতায় স্বাধীনতার ৫৪ বছর পর এই প্রথম ঐ এলাকার ৫ টি পাড়ার ৪২ টি পরিবারের শিশুদের শিক্ষার আলো ছড়িয়ে দিতে স্থাপন করা হয়েছে ওয়াংরাই পাড়া বিজিবি প্রাথমিক বিদ্যালয়।
পার্বত্য বান্দরবানের দুর্গম সীমান্তবর্তী এই এলাকার সুবিধাবঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের মাঝে শিক্ষার আলো পৌঁছে দিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ব্যতিক্রমী এই উদ্যোগের কারনে স্থানীয়দের মাঝে বইছে আনন্দের জোয়ার, সন্তানদের প্রাথমিক শিক্ষা গ্রহণের এই সুযোগ টা যেনো তাদের অনাগত সুন্দর ভবিষ্যত গড়ার ভীত।
বিজিবির আলীকদম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে নিয়ে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিদ্যালয়টির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এসময় প্রথম পর্যায়ে স্কুলের ২৫ জন শিক্ষার্থীর মাঝে প্রাথমিক শিক্ষার পাঠ্যবই, শিক্ষা উপকরণ বিতরণ করেন তিনি।এছাড়া অধ্যয়নরত শিক্ষার্থীদের মাঝে এককালীন আর্থিক অনুদান প্রদান করেন।এছাড়া স্থানীয় বাসিন্দাদের মাঝে সাস্থ্য সম্মত মশারী বিতরণ করা হয়।
প্রসঙ্গত অত্যন্ত দুর্গম ওয়াংরাইপাড়ায় পূর্বে কোনো শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় এলাকার ৫টি পাড়ার ৪২টি পরিবারের শিশুরা প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত ছিল এতো বছর। বিজিবির সার্বিক তত্ত্বাবধানে ও আর্থিক সহায়তায় স্থানীয় কারবারী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় এই এলাকায় ছড়িয়ে পড়ছে শিক্ষার আলো।
বিদ্যালয় স্থাপনের বিষয়ে আলীকদম ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী বলেন,দুর্গম পার্বত্য অঞ্চলে বিজিবি কেবল সীমান্ত রক্ষার দায়িত্বই পালন করছে না বরং মানবিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে বিজিবি সবসময়ই বিভিন্ন জনকল্যাণমূলক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে পাহাড়ী ও বাঙালিদের মধ্যে সম্প্রীতির বন্ধন সুদৃঢ়করণে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে।এরই ধারাবাহিকতায় দুর্গম এই সীমান্তবর্তী এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করলো বিজিবি।এসময় বিজিবি’র উর্ধতন কর্মকর্তা ছাড়াও বিভিন্ন পদস্থ কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে স্থানীয় পাড়া কারবারি, স্থানীয় জনসাধারণের মাঝে বিজিবি’র এই মহত উদ্যোগের প্রশংসা মুখেমুখে ছাড়িয়ে পড়েছে এই পাড়া থেকে দুরের পাহাড়ের অন্য পাড়ায়।বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজের মাতৃভাষার নতুন বই গুলো বুকে আগলে রেখে আনন্দের ছটা ভাসছে তাদের সকলের মুখে।
আর এইচ/
