কখনো আঁকাবাঁকা পাহাড়ি পথ, কখনো ঝুম বৃষ্টি আর কখনো কালবৈশাখীর ঝড়। রাঙ্গামাটির বিলাইছড়ি ও জুরাছড়ির গবাইছড়ি, থুমপাড়া, চংড়াছড়ি এলাকার শিশুদের কাছে স্কুলের পথ যেন এক অনতিক্রম্য বাধা। শিক্ষা ছিল তাদের কাছে বিলাসিতা।
কিন্তু সেই অন্ধকার ভেঙে আশার প্রদীপ জ্বালিয়েছেন একজন বৌদ্ধ ভিক্ষু—ভদন্ত দেব তিষ্য। পাহাড়ের দুর্গম পরিবেশে বসবাসকারী এসব সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ২০১৭ সালে তিনি প্রতিষ্ঠা করেন ‘পালবার লিংক সেন্টার শিশুসদন’। বিলাইছড়ি বাজার সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের পাশে গড়ে ওঠা এই শিশুসদন এখন শতাধিক শিশুর একমাত্র ভরসাস্থল।
প্রথমদিকে সামান্য কিছু তহবিল আর সীমাহীন ইচ্ছাশক্তি নিয়েই এগিয়েছিলেন ভদন্ত দেব তিষ্য। অর্থের অভাব ছিল, ছিলো নানা প্রতিবন্ধকতা, তবুও থামেননি। বৌদ্ধ ধর্মের মানবিক মূল্যবোধ ধারণ করে নীরবে সংগ্রহ করে গেছেন সহায়তা, জুটিয়েছেন স্থানীয় দাতাদের মমতা।
আজ সেই স্বপ্নের প্রতিষ্ঠানটিতে আবাসিকভাবে পড়াশোনা করছে ১২০ জন শিশু। ভিক্ষু এবং প্রাইভেট শিক্ষকরা মিলে তাদের নিয়মিত পাঠদান করছেন। নেই আধুনিক মাল্টিমিডিয়া ক্লাসরুম, নেই ঝকঝকে অবকাঠামো, তবু আছে একগুচ্ছ স্বপ্নপরা চোখ—শিক্ষার আলোয় আলোকিত হওয়ার অপেক্ষায়।
দুর্গম পাহাড়ি বাস্তবতায় প্রতিদিন নানা রকম চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় এই শিশুদের। বিশেষ করে বর্ষাকালে শিক্ষাজীবন হয়ে পড়ে আরও কঠিন। আশ্রমের পক্ষ থেকেই তাদের খাবার, থাকার ব্যবস্থা এবং পড়ালেখার যাবতীয় খরচ বহন করা হয়।
ভদন্ত দেব তিষ্যর একটিই স্বপ্ন—এই শিশুরা একদিন নিজেদের যোগ্যতায় পাহাড়ের ভাগ্য বদলাবে। তার এই নিরব, মানবিক সংগ্রাম নিঃসন্দেহে পাহাড়ি জনপদে একটি আলোকবর্তিকা হয়ে উঠেছে।
আর এইচ/
