পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে অংশ নেওয়ার পর উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেটকিন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। শনিবার (২৬ এপ্রিল) রোমের একটি হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। অধ্যাপক ইউনূসের প্রেস উইং এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বৈঠকে দুই নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়সহ বর্তমান বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতি এবং ল্যাটিন আমেরিকা ও এশিয়ার মধ্যে সহযোগিতার সেতুবন্ধন গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
পররাষ্ট্রমন্ত্রী লুবেটকিন উরুগুয়ে ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনা তুলে ধরেন এবং ঢাকা ও মার্কোসুর (Mercosur) সদস্য দেশগুলোর মধ্যে আরও শক্তিশালী অর্থনৈতিক সহযোগিতার আহ্বান জানান।
এছাড়া, অধ্যাপক ইউনূস ও মন্ত্রী লুবেটকিন যুবসমাজে বিনিয়োগ এবং সামাজিক ব্যবসায়িক উদ্যোগ প্রসারের কৌশল নিয়ে আলোচনা করেন। তারা ‘থ্রি জিরো’ (Three Zero) বিশ্ব গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন— শূন্য বেকারত্ব, শূন্য সম্পদ কেন্দ্রীকরণ এবং শূন্য নেট কার্বন নির্গমন।
বৈঠকে অধ্যাপক ইউনূস উচ্চপর্যায়ের নিয়মিত সংলাপ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং মন্ত্রী লুবেটকিনকে যত দ্রুত সম্ভব বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদ, ভ্যাটিকানে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আরিফুল ইসলাম এবং ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত রোকেবুল হক।
আর এইচ/
