চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন। শুক্রবার ৭ মার্চ চকবাজার কাঁচা বাজার পরিদর্শনকালে তিনি এ আহ্বান জানান।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করছে উল্লেখ করে তিনি জানান, ভোক্তাদের স্বার্থে এ ধরনের পরিদর্শন অব্যাহত থাকবে। তিনি ভোজ্যতেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মজুতদারির মাধ্যমে জনভোগান্তি নিরসনে নিয়মিত অভিযানের ঘোষণা দিয়ে বলেন, আমরা ইতোমধ্যে বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করে মজুতদারির মাধ্যমে জনভোগান্তিমজুতদারির মাধ্যমে জনভোগান্তি সৃষ্টি করায় অসাধু ব্যবসায়ীদের জরিমানা করেছি। এছাড়া, জেলা প্রশাসন ও ব্যবসায়ীদের সাথে সভা করে তেলের মূল্য নির্ধারণসহ নানামুখি পদক্ষেপ নিয়েছি
মেয়র বলেন, “রমজান পবিত্রতার মাস। এ মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি না করে ক্রেতাদের স্বস্তি দেওয়া ব্যবসায়ীদের নৈতিক দায়িত্ব। চসিক সর্বদা বাজার মনিটরিং করছে এবং কোনো অযৌক্তিক মূল্যবৃদ্ধি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
পরিদর্শনকালে মেয়র বাজারের বিভিন্ন দোকানে যান, ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলেন এবং নিত্যপণ্যের মূল্য ও সরবরাহ সম্পর্কে খোঁজখবর নেন। ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, “জনস্বার্থ রক্ষায় একসাথে কাজ করতে হবে। বাজারে কৃত্রিম সংকট তৈরি করা চলবে না।” এ সময় চসিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম নিউজ/ এসডি/
