বালু তুলতে বাধায় দেওয়ায় সীতাকুণ্ডে এক জেলেকে সাগরে ফেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। একই সময় আরেক জেলেকে অপহরণ ও তাদের নৌকা সাগরে ভাসিয়ে দেওয়া হয়েছে।
আজ সোমবার দুপুরে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মাহামুদাবাদের উপকূলীয় এলাকায় এ ঘটনা ঘটে।
সংবাদ পেয়ে বিকেলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। এলাকাবাসীর বিক্ষোভের সংবাদ পেয়ে পুলিশ সদস্যের নিয়ে আসেন ইউএনও।
এলাকাবাসী জানায়, মারধরের পর বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলে ফেলে দেওয়া হয়েছে জেলে রাম দাসকে (৩২)। দুর্বৃত্তরা অপহরণ করে নিয়েছে অপর জেলে লিটন দাসকে। তারা দু’জনই উপজেলার মাহামুদাবাদ জেলেপাড়ার বাসিন্দা।
রাম দাসের স্ত্রী কনিকা দাস বলেন, অবৈধভাবে ড্রেজার-বাল্কহেড দিয়ে বালু তোলা লোকজন সাগরে মাছ ধরতে গেলে জেলেদের বাধা দেয়। অনেক সময় মারধরও করেন তারা। আজ দুপুরে তাঁর স্বামীসহ কয়েকজন নৌকা নিয়ে সন্দ্বীপ চ্যানেলে মাছ ধরতে যান। দুপুর ২টার দিকে বালু উত্তোলনকারীরা বাধা দেওয়ার অভিযোগ তুলে তাদের পেটাতে থাকে। এক পর্যায়ে রাম দাসকে সাগরে ফেলে দেন তারা।
কনিকার ভাষ্য, বালুদস্যুরা নৌকা থেকে অপর জেলে লিটন দাসকে অপহরণ করে নিয়ে যায়। রাত পর্যন্ত তিনি স্বামী রাম দাসের খোঁজ পাননি।
সীতাকুণ্ড মডেল থানার ওসি মজিবুর রহমান বলেন, এ ঘটনায় দুই জেলের স্ত্রী অভিযোগ করেছেন। পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ইউএনও ফখরুল ইসলাম বলেন, মারধরের পর এক জেলেকে সাগরে ফেলে দেওয়া হয়েছে। অপর এক জেলেকে অপহরণ করা হয়েছে– এমন খবরে ঘটনাস্থলে যান তিনি। তাদের উদ্ধারে সংশ্লিষ্ট দপ্তর কাজ করছে।
আর এইচ/
