পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট(কেএনএফ) এর অত্যাচারে নিরাপত্তার ভয়ে গ্রামছাড়া ২৮ পরিবারের ৮১ জন সদস্য সেনাবাহিনীর সহায়তায় ফিরেছেন নিজের ঘরে।
রবিবার (১৬ই ফেব্রুয়ারী) আন্তঃ বাহিনী জনসংযোগ পরিদপ্তর(আইএসপির) থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সহকারী পরিচালক রাশেদুল আলম খান।
বিজ্ঞাপ্তিতে জানানো হয় দীর্ঘ ২৩ মাস পর সেনা সহায়তায় জেলার থানচি উপজেলার বাকলাই পাড়ার গ্রাম ছাড়া ২৮টি পরিবারের মধ্যে ১৫টি পরিবারের ৮১ জন সদস্য তাদের নিজ বাড়িতে ফিরে এসেছে।
এতে আরো বলা হয় যৌথ অভিযানে নিরাপত্তা পরিস্থিতি যথেষ্ট স্বাভাবিক হওয়ায় এলাকাবাসী নিজ পাড়ায় ফেরত আসতে শুরু করেছে।
প্রসঙ্গত ২০২২ সাল হতে বান্দরবানের রুমা, থানচি ও রোয়াংছড়ি এলাকায় কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সন্ত্রাসী গোষ্ঠীর সশস্ত্র তৎপরতায় নিরাপত্তাহীনতার কারনে গ্রাম ছাড়তে বাধ্য হন অধিকাংশ অধিবাসী।
সন্ত্রাসীদের চাঁদাবাজি, অন্যায় দাবি ও নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে জোরপূর্বক গ্রামবাসীদের ব্যাবহার করায় পরিবার পরিজন নিয়ে এতদিন এসব পরিবারের সদস্যরা দুর্গম পাহাড় ও জঙ্গলে পালিয়ে ছিলো।
এদিকে ফিরে আসা পরিবারগুলোর জন্য সেনাবাহিনীর পক্ষ হতে প্রয়োজনীয় রেশন সহায়তা, স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সেনাবাহিনী একটি মেডিকেল ক্যাম্প পরিচালনা করে।
এছাড়া, এলাকার শিক্ষা ব্যবস্থা পুনরুদ্ধারের উদ্দেশ্যে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং টিউশন ফি সুবিধা চালু করেছে সেনাবাহিনী।
আর এইচ/
