পার্বত্য জেলা বান্দরবান,প্রাকৃতিক সৌন্দর্যের কারনে দেশের বিভিন্ন জেলার দুরদুরান্ত অঞ্চল হতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে লাখো পর্যটক ছুটে আসেন বান্দরবানে। তবে পাহাড়ের এই সৌন্দর্য্য ম্লান করে দিচ্ছে একটি অসাধু মহল, জেলা প্রশাসন কিংবা সংশ্লিষ্ট কোন বিভাগের আইন ও নিয়মের তোয়াক্কা না করে পাহাড় ও কৃষি জমির মাটি কেটে তা বানিজ্যিক ভাবে বিক্রি করে আর্থিক ভাবে লাভবান হচ্ছে তারা।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক মামলায় অনেকটা কোনঠাসা হয়ে থাকা প্রভাবশালী একটি মহলের অনেক নেতাকর্মী এখন মাঠে সরব।
এদিকে রাজনৈতিক প্রভাব ও ক্ষমতার অপব্যবহার করে পাহাড়ের মাটি কেটে অবৈধ ভাবে বিক্রি,অবৈধভাবে গাছ পাচার সহ বিভিন্ন অভিযোগ উঠেছে বান্দরবান সদর উপজেলা বিএনপির সিনিয়র এক নেতার বিরুদ্ধে। ইতিপূর্বেও একাধিকবার তার বিরুদ্ধে নানা অভিযোগে মামলা ও জরিমানা করে প্রশাসন।
স্থানীয়দের অভিযোগ বিগত সময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাদের সাথে সক্ষতা রেখে অবৈধ পাহাড় কাটা,গাছ পাচার,বালি উত্তোলন সহ বিভিন্ন ব্যাবসা পরিচালনা করলেও,আগস্ট পরবর্তী পটপরিবর্তনের সুবাদে অনেকটা প্রকাশ্যেই রাজনৈতিক প্রভাব খটিয়ে,স্থানীয় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে নিজের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন তিনি।
স্থানীয়দের দেয়া অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার (১৩ই ফেব্রুয়ারী) সরজমিনে জেলা সদরের সুয়ালক ইউনিয়নের মাঝের পাড়ার,হরিনমারা এলাকায় গিয়ে দেখা যায় দিনে দুপুরে ভারি স্কেবেটর দিয়ে মাটি কেটে লাইনে দাড়ানো ৭ টি ট্রাকে ভরাট করে নিয়ে যাওয়া হচ্ছে হলুদিয়া সহ পার্শ্ববর্তী বাজালীয়াতে।
মাটি কাটার দায়িত্বে থাকা ব্যাক্তি জানান ,কোন প্রজেক্ট বানানোর উদ্দেশ্যে মাটি কাটা হচ্ছে এবং এসব মাটি বাইরে বিক্রি হচ্ছে বলেও সে জানায়।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক ট্রাক চালক জানায়, সকাল ৯ টা থেকে বিকেল অবদি ৩০ গাড়ি মাটি টানা হয়েছে,সে হিসেবে প্রতিদিন ২১০ গাড়ি মাটি বিক্র করছে।বিগত চার দিনে যা দাড়ায় ৮৪০ গাড়ি,তবে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানায় প্রায় ৭-৮ দিন ধরেই দিনে ও রাতে এভাবে পাহাড়ের মাটি কেটে নিয়ে যাওয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বসবাসকারী বয়োবৃদ্ধ মহিলা জানান, দিনে-রাতে এ ভাবে মাটি কাটার ট্রাক ব্রিক সলিং রাস্তায় চলাচলের কারনে রাস্তায় চলাচল করতে খুবই অসুবিধা হচ্ছে।নিজেদের নিরাপত্তা ও হুমকির আশংকায় অসুবিধার কথা তাদের বলতেও ভয় পাচ্ছেন অনেকে।
ভারী ট্রাক চলাচলের কারনে রাস্তার ইট গুলো উঠে গিয়ে বালিতে পরিনত হয়েছে।সামনের বর্ষা মৌসুমে চরম ভোগান্তিতে পড়ার আশংকায় আছেন স্থানীয়রা। এছাড়া অভিযোগ আছে বনবিভাগের অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে বিগত কয়েকবছর ধরেই বান্দরবান সদরের মেঘলা, নীলাচল, কানাপাড়া, ডলুঝিড়ি পাড়া, মাঝের পাড়া, চা বোর্ড এলাকা, চেমীরমুখ, গোয়ালিয়া খোলা, রেইচা, টাইগার পাড়াসহ বিভিন্ন এলাকায় গাছ কেটে বন উজার করে আসছে এই প্রভাবশালী নেতা ।
বিভিন্ন সরকারি ও ব্যক্তিগত স্থাপনার নামে ভারী স্কেবেটর দিয়ে পাহাড়ের মাটি কেটে বিক্রি করে আর্থিক ভাবে লাভবান হয়ে আসছেন দীর্ঘদিন ধরে।
এ বিষয়ে বান্দরবান সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সরওয়ার জামাল এর কাছে জানতে চাইলে তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে কোন উত্তর না দিয়ে প্রতিবেদককে বলেন , বিগত সরকারের সময় আওয়ামী লীগের নেতারা করেছে,এখন আমরা করলেই দোষ ধরেন।আপনাদের জন্য ব্যবসাও করতে পারবো না?সমাধান করতে কি করা লাগবে বলেন।
এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর বান্দরবান জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম বলেন , পাহাড়ের মাটি কিংবা সমতল জামীর মাটি কাটার ক্ষেত্রে নির্দিষ্ট ভবে “বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন” প্রনয়ণ করা হয়েছে।পরিদর্শন করে শীগ্রই সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।
এদিকে অবৈধ ভাবে পাহাড় ও জমির মাটি কেটে বানিজ্যিক ভাবে বিক্রির সাথে যে কোন মহলই জড়িত থাকুক না কেনো,তাদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যাবস্থা গ্রহণের কথা জানান বান্দরবান সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফা সুলতানা খান হীরামনি।পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
আর এইচ/
