“আমার এই জন্মের সকল উদ্দেশ্য পূর্ণ হয়েছে। তাই আমায় এখন এই জীবন ত্যাগ করে চলে যেতে হবে। আমার এই চলে যাওয়াতে কারো কোন হাত নেই।
চিরকুটে এমনই লিখে কক্সবাজারগামী চলন্ত ট্রেনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন রাজন দত্ত (৩৭) নামে এক কোচিং সেন্টারের শিক্ষক।
শুক্রবার সকাল ৮টার দিকে পটিয়া উপজেলার ধলঘাট রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
রাজন দত্ত পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মৃত মিলন দত্তের পুত্র।
জানা গেছে, উপজেলার ধলঘাট গ্রামের মৃত মিলন দত্তের পুত্র দীর্ঘদিন ধরে ধলঘাট এপেক্স কোচিং সেন্টারে শিক্ষকতা করে আসছিলেন। শুক্রবার সকালে শার্ট, প্যান্ট পড়ে ঘর থেকে বের হয়। সকাল ৮টার দিকে ধলঘাট রেল স্টেশন এলাকায় শিক্ষক শিক্ষক রাজনের মৃত দেহ দেখতে পেয়ে লোকজন সনাক্ত করেন।
এর আগে তিনি একটি চিরকুট লিখে ঘরে রেখে কক্সবাজারমুখী চলন্ত ট্রেনে ঝাঁপ দিয়েছেন বলে স্থানীয়রা জানান। ট্রেনের ধাক্কায় শিক্ষকের পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
তন্ময় দে নামে এক যুবক জানান, ঘরের ড্রয়ার থেকে চিরকুট পাওয়া গেছে । তিন ভাই মধ্যে সে মেঝ।
পটিয়া রেল স্টেশনের স্টেশন মাস্টার রাশেদুল ইসলাম পাভেল বলেন, ইতিমধ্যে জিআরপি থানা পুলিশকে জানানো হয়েছে৷ তারা এলেই মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
আর এইচ/
